করোনা :বিএসএমএমইউয়ে ‘নেগেটিভ প্রেশার আইসোলেশন ক্যানোপি’

আপডেট : ১১ জুলাই ২০২০, ২১:৫৬

বিশেষ প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনা রোগীদের সুচিকিত্সায় ‘নেগেটিভ প্রেশার আইসোলেশন ক্যানোপি’ উদ্ভাবন করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। এতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা দল সম্পূর্ণ নিজস্ব ডিজাইনে এই ক্যানোপি তৈরি করেছেন, যা মাত্র একটি বিছানার ওপরে একজন রোগীকে আলাদা করে রাখবে। এর চারদিকের পর্দা স্বচ্ছ ও উঁচু হওয়ায় রোগী অস্বস্তিবোধ করবেন না।

এতে আরো বলা হয়, এই গবেষক দলের ডিজাইনে হেপা ফিল্টারের সঙ্গে বাড়তি আছে আল্ট্রাভায়োলেট আলোর প্রযুক্তি, যার মাধ্যমে প্রথমেই সব জীবাণু ও ভাইরাস ধ্বংস করে ফেলা হয়। এই ক্যানোপি কোভিড-১৯-এ আক্রান্ত রোগীদের চিকিত্সাসেবা প্রদানকারী সম্মুখযোদ্ধা কর্তব্যরত চিকিত্সক ও অন্য স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা বিধানে সহায়ক হবে।

বিএসএমএমইউয়ের অ্যানেসথেশিয়া, অ্যানালজেশিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের যৌথ উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া উপস্থিত থেকে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কথা শোনেন।