বাসে অচেনা যাত্রীর জুস খেয়ে একজনের মৃত্যু

আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ১৮:৪৩

লক্ষ্মীপুরের রামগতিতে চট্টগ্রাম রুটের ‘এ ওয়ান ট্রাভেলস’ নামের একটি নৈশ কোচে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে বুধবার খোরশেদ আলম (৬৬) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে। নৈশ কোচের অপর যাত্রী আবুল হোসেনকে আলেকজান্ডার বাস টার্মিনালে নেশাগ্রস্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহতের সঙ্গে থাকা জাতীয় পরিচয় পত্র থেকে জানা যায়, খোরশেদ আলম ভোলা জেলার তজুমুদ্দিন থানার চর জহির উদ্দিনের দেবীপুর এলাকার মতিউর রহমানের ছেলে।

কোচের অপর যাত্রী আবুল হোসেন জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের রাজাখালী বাসস্ট্যান্ড থেকে রামগতিগামী ‘এ ওয়ান ট্রাভেলস’ নামের ওই বাসে উঠেন তারা। বাসটি নোয়াখালীর চৌমুহনী পৌঁছলে তার পাশের সিটের অচেনা এক যাত্রী তাকে জুস খেতে দেন। কিছুক্ষণ পর অচেতন হয়ে পড়েন তিনি।

কোচের সুপারভাইজার আবদুল মমিন জানান, ভোর রাতে আলেকজান্ডার বাস টার্মিনালে কোচটি পৌঁছলে সকল যাত্রী নেমে গেলেও দুই যাত্রী অচেতন অবস্থায় ছিলেন। তাদেরকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর আবুল হোসেন সুস্থ হয়ে উঠেন। গুরুতর অবস্থায় খোরশেদ আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিফুল হক জানান, খবর পেয়ে বুধবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ নিয়ে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/জেডএইচ