ইটভাটার শ্রমিক সর্দার গ্রেফতার
ইত্তেফাক রিপোর্ট
পাওনা টাকা চাওয়ায় সাভারের একটি ইটভাটায় এক শ্রমিককে গাছের সঙ্গে বেঁধে তার স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের মোগরকান্দা এলাকার একটি কাঠবাগানে এ ধর্ষণের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ঐ শ্রমিক ও তার স্ত্রীকে উদ্ধার করেন। গণধর্ষণের ঘটনাটি জানিয়ে ঐ শ্রমিক বাদী হয়ে আসামি হিসেবে চার জনের নাম উল্লেখ করে গতকাল শনিবার সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। মামলার অন্যতম আসামি ঐ ইটভাটার শ্রমিক সর্দার মো. আলাউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে গ্রেফতারকৃত আলাউদ্দিনকে সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী মোগড়াকান্দা এলাকার এবিসি ইটভাটায় সর্দার আলাউদ্দিনের সঙ্গে সাড়ে ৭ হাজার টাকার চুক্তিতে কাজ করেন। শুক্রবার সকালে পাওনা টাকা দেওয়ার কথা বলে ঐ শ্রমিককে স্থানীয় মাহবুরের বাড়ির সামনে ডেকে নেয় আলাউদ্দিন। এ সময় আলাউদ্দিনের নির্দেশে তার দুই সহযোগী ওয়াহিদ ও শহিদ ঐ শ্রমিককে পার্শ্ববর্তী বাগানে নিয়ে হাত-পা বেঁধে মারধর করে। একই সময় আলাউদ্দিনের আরেক সহযোগী জুয়েল ঐ শ্রমিকের বাড়িতে গিয়ে তাকে পুলিশ বেঁধে রেখেছে জানিয়ে তার স্ত্রীকে কৌশলে ঘটনাস্থলে নিয়ে আসে। পরে তারা ঐ গৃহবধূকে গণধর্ষণ করে। আলাউদ্দিন ছাড়া মামলার অন্য আসামিরা হলো—ওয়াহিদ, জুয়েল ও সহিদুর রহমান। ওসি এএফএম সায়েদ জানান, ঐ নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
