শাখাভিত্তিক ব্যাংকের পরিচালন মুনাফা

আপডেট : ১১ জুলাই ২০২০, ২২:০২

বেশির ভাগ ব্যাংকেরই মুনাফা কমেছে l যমুনা ব্যাংকের

মহাখালী শাখায় মুনাফা হয়েছে ৫৩ কোটি টাকা

রেজাউল হক কৌশিক

প্রায় সব ঋণেরই সুদহার কমে গিয়েছে। ব্যাংক ঋণের সুদহার ৯ শতাংশ ও আমানত ৬ শতাংশ নির্ধারণ করে দিয়েছে সরকার। সুদহার কমে যাওয়ার কারণে বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদহার কমে গিয়েছে। এরপর আবার করোনার অভিঘাতে কমেছে ব্যাংকের পরিচালন মুনাফা। কারণ হিসেবে ব্যাংকাররা বলছেন, চলতি বছরের গত ছয় মাসে নতুন করে খুব বেশি ঋণ বিতরণ হয়নি। পুরাতন ঋণ আদায়ও হয়নি। আমদানি রপ্তানি বাণিজ্য কম হওয়ায় এ থেকে প্রাপ্ত কমিশন থেকেও ব্যাংকগুলো বঞ্চিত হয়েছে। অন্যদিকে ঝুঁকিভাতাসহ সুরক্ষাসামগ্রী কিনতে ব্যাংকগুলোর ব্যয় বেড়েছে। তবে এ বৈরি সময়েও ব্যতিক্রমী দৃষ্টান্ত রেখেছে যমুনা ব্যাংকের মহাখালী শাখা। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে এ শাখায় পরিচালন মুনাফা হয়েছে ৫৩ কোটি টাকা। এ ছয় মাসে আগের বছরের একই সময়ের তুলনায় যা ৭ দশমিক ০৭ শতাংশ বেশি। এ সময়ে অনেক ব্যাংক আগের বছরের চেয়ে ২৫ থেকে ৩০ শতাংশ মুনাফা কমে গেছে। ২০২০ সালের প্রথম ছয় মাস শেষে অনেক ব্যাংকের সব শাখা মিলে ৫৩ কোটি টাকা পরিচালন মুনাফা অর্জন করতে পারেনি। যেমন গত ছয় মাসে মেঘনা ব্যাংকের মুনাফা হয়েছে ১৩ কোটি, মিডল্যান্ড ব্যাংকের ৫৩ কোটি এবং এনআরবি ব্যাংকের ৪২ কোটি টাকা পরিচালন মুনাফা হয়েছে। শাখাভিত্তিক পরিচালন মুনাফার হিসেবে এসব তথ্য পাওয়া গিয়েছে।

তথ্যে দেখা গেছে, মার্কেন্টাইল ব্যাংকের প্রধান শাখা ৪৬ কোটি এবং মহাখালী শাখা ৩৩ কোটি টাকা মুনাফা অর্জন করেছে। যমুনা ব্যাংকের মহাখালী শাখায় মুনাফা বেশি হওয়ার কারণ দেখতে যেয়ে দেখা যায় যে, এ শাখার আমানত দেড় হাজার কোটি টাকার ওপরে। এ শাখা থেকে বিতরণ হওয়া ঋণের পরিমাণ ৩ হাজার ৮৪৫ কোটি টাকা। এ শাখা থেকে আমদানি বাণিজ্য হয়েছে ১ হাজার ৫৬৩ কোটি টাকা। আর রপ্তানি বাণিজ্য হয়েছে ৮৮৩ কোটি টাকার।

এ বিষয়ে যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম বলেন, যমুনা ব্যাংক গত ছয় মাসে ২৮০ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে। এরমধ্যে একটি শাখা থেকে এক পঞ্চমাংশ মুনাফা আসাটা অবশ্যই বড় বিষয়। এ ব্যাংকের ১৪২টি শাখা রয়েছে বলে জানান তিনি। আব্দুস সালাম ব্যাংকের ডিএমডি হওয়ার পরও এ শাখার সার্বিক কার্যক্রম দেখভাল করার জন্য হেড অফিসে না বসে এ শাখাতেই বসেন তিনি। ২০১৫ সালের জানুয়ারিতে মহাখালী শাখার ম্যানেজার হিসেবে যোগ দেন তিনি। এরপর থেকে ধারাবাহিকভাবে এ শাখা লাভে রয়েছে বলেও তিনি জানান।

ব্যাংকের পরিচালন মুনাফা প্রকৃত (নিট) মুনাফা নয়। আয় থেকে ব্যয় বাদ দিয়ে যে মুনাফা থাকে, সেটিই কোনো ব্যাংকের পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা থেকে খেলাপি ঋণ ও অন্যান্য সম্পদের বিপরীতে প্রভিশন (নিরাপত্তা সঞ্চিতি) এবং সরকারকে কর প্রদান করতে হয়। প্রভিশন ও কর-পরবর্তী এ মুনাফাই হলো একটি ব্যাংকের প্রকৃত বা নিট মুনাফা।

বিভিন্ন ব্যাংকে খোঁজ নিয়ে পরিচালন মুনাফার যে তথ্য পাওয়া গেছে তাতে দেখা গেছে, বেশির ভাগ ব্যাংকেরই পরিচালন মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে। ব্যাংকগুলোর প্রাথমিক হিসাব ও প্রাপ্ত তথ্যানুযায়ী বছরের প্রথম ছয় মাসে রাষ্ট্রীয় মালিকানার ব্যাংকগুলো ভালো মুনাফা করেছে।