ব্যক্তিগত উদ্যোগে অনুশীলনে ক্রিকেটাররা

আপডেট : ১১ জুলাই ২০২০, ২২:০৯

স্পোর্টস রিপোর্টার

ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট শুরু হয়ে গেছে। অনেক দেশেই ক্রিকেট ফিরেছে মাঠে। কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় বাংলাদেশে মাঠে ফিরেনি ক্রিকেট। কবে শুরু হবে ক্রিকেট, তাও স্পষ্ট নয়। করোনার কারণে এখনো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেটারদের অনুশীলনের অনুমতি পাননি ক্রিকেটাররা। সব সুযোগসুবিধা প্রস্তুত থাকলেও মিরপুর রেড জোনে বলেই ক্রিকেটারদের অনুরোধে সাড়া দিচ্ছে না বিসিবি।

জাতীয় দলের ক্রিকেটাররা অবশ্য বসে নেই। অনেকেই ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন শুরু করেছেন। করোনাকালের শুরু থেকেই ফিটনেসের কাজ করছিলেন ক্রিকেটাররা। এবার স্বাস্থ্যবিধি মেনে নিজের সুবিধামতো ফেনীতে মোহাম্মদ সাইফউদ্দিন, ঢাকায় মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, রাজশাহীতে সাব্বির রহমান, সিলেটে খালেদ আহমেদরা স্কিল ট্রেনিং করছেন। ব্যাটিং, বোলিং করছেন তারা। তাদের দেখে আরো অনেকে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন। 

করোনাকালে পুরো সময়টাই ফেনীতে অবস্থান করছেন সাইফউদ্দিন। রমজানের সময় ফেনী সরকারি কলেজ মাঠে রানিং, বোলিং ও ব্যাটিংয়ে ঘাম ঝরাতে দেখা গেছে এই তরুণকে। সম্প্রতি নিজেই উইকেট বানিয়ে নিয়েছেন তিনি। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও দিয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার। 

গতকাল সাইফউদ্দিন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ফেনী সরকারি কলেজের মাঠে রোজার পর থেকেই ফিটনেস বলেন আর স্কিল বলেন শুরু করেছি। তবে এখন করতে পারছি না বৃষ্টির কারণে।’

বিতর্ক পিছু না ছাড়লেও সাব্বির রহমান অবশ্য অনুশীলনে মনোযোগী আছেন। জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার রাজশাহী সেরিকালচার (রেশম চাষ) মাঠে রানিং করছেন, ক্লেমন একাডেমির জিমনেশিয়ামে ফিটনেস ও বিভাগীয় স্টেডিয়ামের ইনডোরে নিয়মিত ব্যাটিং করছেন।

ডানহাতি এই ব্যাটসম্যান বলেছেন, ‘যেহেতু করোনা আছে তাই একা একাই রানিং করছি রাজশাহী সেরিকালচারের মাঠে। জিম করছি ক্লেমনে। আর ব্যাটিং করছি রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে।’

রাজশাহীতে অবস্থান করা জাতীয় দলের টপঅর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তও এতদিন ফিটনেসের কাজ করেছেন। দ্রুতই ব্যাটিং অনুশীলন শুরু করবেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ঝিনাইদহে অবস্থান করা পেসার আল-আমিন হোসেন ফিটনেসের কাজ নিয়মিতই করছেন। সম্প্রতি তার বোলিং অনুশীলনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে। সিলেটে দুই পেসার খালেদ আহমেদ ও এবাদত হোসেন নিজেদের মতো করে কাজ করছেন।

ঢাকায় এসেও আবার খুলনায় ফিরে গেছেন নুরুল হাসান সোহান। এই উইকেটকিপার-ব্যাটসম্যান খুলনায় নিজের বাড়িতেই উইকেট বানিয়ে অনুশীলন করছেন।

ঢাকায় বসবাস করা ক্রিকেটারদের প্রায় সবাই ফিটনেসের কাজ করছেন নিজ নিজ বাসায়। সম্প্রতি বাড্ডার বেরাইদে ফর্টিস গ্রুপের মাঠে স্কিল অনুশীলন শুরু করেছেন মুশফিকুর রহিম। বসে নেই তাসকিন আহমেদও। কঠোর পরিশ্রম করছেন ডানহাতি এই পেসার। ফিটনেসের পাশাপাশি বোলিং করতে দেখা যাচ্ছে তাকে।