সোহেল সারোয়ার চঞ্চল
কাতার ২০২২ বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্ব সামনে রেখে এ মাসে ঢাকার বাইরে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। তার আগে ২৫ জুলাই হতে চলবে খেলোয়াড়দের ‘আইসোলেশন’ ক্যাম্প। অনুশীলন মাঠে নামার আগে খেলোয়াড়দের করোনা টেস্টও করা হবে। ক্যাম্প হবে ময়মনসিংহ রোডের কোনো রিসোর্টে। বাফুফের সহসভাপতি তাবিথ আওয়াল এসব তথ্য জানিয়েছেন।
গতকাল বাফুফে জাতীয় দলের ফুটবলারদের সঙ্গে মতবিনিময় করেন। এতে জাতীয় দল ছাড়াও প্রিমিয়ার লিগের ১৩ ক্লাবের বিভিন্ন খেলোয়াড় উপস্থিত ছিলেন। মামুনুল ইসলাম, রায়হান হাসান, গোলকিপার আশরাফুল ইসলাম রানা, রেজা, তপু বর্মন, ওয়ালী ফয়সাল প্রমুখ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
ফুটবলারদের সঙ্গে মিটিং শেষ তাবিথ জানিয়েছেন যারা ক্যাম্পে উঠবেন তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্যই ‘আইসোলেশন’ ক্যাম্প করানো হবে। তিনি বলেন, ‘আগামী ৮ অক্টোবর বিশ্বকাপ ফুটবলের বাছাই ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। তার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে আমাদের। কিন্তু এখন এটা নির্ভর করছে বিমান যোগাযোগের ওপর। কারণ ফ্লাইট অনেক দেশে বন্ধ হয়ে আছে। ফ্লাইট শিডিউল স্বাভাবিক হলে আমরা তখন একটা পদক্ষেপ গ্রহণ করতে পারব।’
করোনার কারণে ৪ মাস খেলা বন্ধ। ফুটবলাররা মাঠে নেই। প্রিমিয়ার লিগ বাতিল হয়ে গেছে শুরু হওয়ার পরই। ঘরের মধ্যে থাকা ফুটবলাররা ৪ মাস নিজেদের প্রস্তুত রাখার চেষ্টা করেছেন বলে ধন্যবাদ জানিয়েছেন তাবিথ। সভায় ছিলেন বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন এবং আরেক সহসভাপতি কাজী নাবিল আহমেদ।
বাফুফে সভাপতি গতকালও খেলোয়াড়দের উদ্দেশে বলেছেন—তিনি ফুটবল খেলা শুরু করার ব্যাপারে সরকারের সঙ্গে কথা বলবেন। করোনা ভাইরাসের কারণে দেশের বর্তমান পরিস্থিতিতে হুট করে কোনো সিদ্ধান্ত নিতে চায় না বাফুফে।
ফুটবলাররা ক্ষুব্ধ
বাফুফের সঙ্গে মিটিং করে খেলোয়াড়রা সিদ্ধান্ত নিয়েছেন তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন না। এজন্য সবাই ফোন বন্ধ করে রেখেছেন। কাউকে কাউকে ফোনে পাওয়া গেলেও তারা কথা বলেননি।
বাফুফের কাছে ফুটবলারদের দাবি ছিল নতুন মৌসুম নিয়ে। বাফুফেতে সংবাদ সম্মেলনে গোলকিপার রানা বলেছেন, ‘প্রিমিয়ার লিগটা বাতিল করার সিদ্ধান্ত আরো দুই-তিন মাস পরেও নেওয়া যেত। বিভিন্ন দেশে বন্ধ থাকা লিগ পুনরায় শুরু হয়েছে। আমরা বুঝি ক্লাব চলে স্পন্সর এবং ডোনেশনে। প্রয়োজনে বিদেশি ছাড়াই খেলতাম।’
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ফুটবলার জানিয়েছেন তাদের দাবি পূরণের মতো কিছু হয়নি। লিগটা বাতিল না করে পুনরায় শুরু করা যেত। দর্শক মাঠে আসে না, দর্শক ছাড়াও তো খেলা যায়। খেলোয়াড়দের সূত্রে জানা গেছে বাফুফে সভাপতি জানিয়েছেন নভেম্বরে নতুন মৌসুম শুরু করবেন। এজন্য এক সপ্তাহের মধ্যে ক্লাবগুলোকে ডাকবেন।
