সিপিএল নিয়ে শঙ্কা কাটল

আপডেট : ১১ জুলাই ২০২০, ২২:১৪

স্পোর্টস ডেস্ক

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) নিয়ে অনিশ্চয়তা কাটল। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোয় এবারের সিপিএল মাঠে গড়াবে, অনুমতি দিয়েছে স্থানীয় সরকার।

আসর শুরু হবে ১৮ আগস্ট, শেষ হবে ১০ সেপ্টেম্বর। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রকোপেও টুর্নামেন্ট আয়োজনে নেওয়া হয়েছে বিশাল পরিকল্পনা। সেমিফাইনাল ও ফাইনালসহ মোট ৩৩টি ম্যাচ হবে এই টুর্নামেন্টে। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর দুটি স্টেডিয়ামে দর্শকশূন্য মাঠে হবে সবগুলো ম্যাচ। টুর্নামেন্টটিকে ঘিরে নিয়মের কোনো কমতি নেই। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর উদ্দেশ্যে বিমানে চড়ার আগেই ছয় ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্ট, টুর্নামেন্ট আয়োজক এবং সম্পৃক্ত সবাইকে দুই সপ্তাহের জন্য সেলফ-আইসোলেশনে থাকতে হবে। পৌঁছানোর পর সবার কোভিড-১৯ পরীক্ষা করা হবে। এক সপ্তাহ ও দুই সপ্তাহ পর পরীক্ষা হবে আরো দুই বার। ছয় দলের সবাই থাকবেন একটি হোটেলে। জীবাণুমুক্ত পরিবেশ হলেও প্রতি দলের ক্রিকেটারদের ছোট ছোট গ্রুপে ভাগ করা হবে। টুর্নামেন্ট শুরুর আগে কিংবা চলাকালীন যদি কোনো গ্রুপের একজন পজিটিভ হন, পুরো গ্রুপকেই থাকতে হবে সেলফ-আইসোলেশনে।