৬ কোটি টাকা ঘুষ নিয়ে র্যাব-১১ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাত জনকে খুন করেছে। মিডিয়াতে এমন দাবি করে আলোচনায় এসেছিলেন খুন হওয়া কাউন্সিলর নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম ওরফে শহীদ চেয়ারম্যান। সাত খুনের বিচারের দাবিতে সরব থাকা সেই আলোচিত শহীদ চেয়ারম্যান (৭০) গত শুক্রবার রাতে ঢাকার আজগর আলী হাসপাতালে ইন্তেকাল করেন। রাতেই তার নামাজে জানাজা শেষে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া কবরস্থানে দাফন করা হয়।
২০১৪ সালের ২৭ এপ্রিল নাসিক ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনের সঙ্গে কাউন্সিলর নজরুল ইসলামের বিরোধের জেরে নজরুল ও আইনজীবী চন্দন সরকারসহ সাত জনকে অপহরণ করা হয়। ৩০ এপ্রিল তাদের লাশ পাওয়া যায় শীতলক্ষ্যা নদীতে। নিহত নজরুলের শ্বশুর শহিদুল ইসলাম অভিযোগ করেন নজরুলের প্রতিপক্ষ আরেক কাউন্সিলর নূর হোসেনের কাছ থেকে ৬ কোটি টাকা ঘুষ নিয়ে র্যাব-১১-এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন এবং লেফটেনেন্ট কমান্ডার এম এম রানা সাত জনকে অপহরণের পর হত্যা করে। শহীদ চেয়ারম্যানের মৃত্যুতে এলাকাবাসী শোক প্রকাশ করেছে।
