বরগুনায় স্বাস্থ্যকর্মীর অস্বাভাবিক মৃত্যু

আপডেট : ১১ জুলাই ২০২০, ২২:৫৬

বরগুনা শহরের হাইস্কুল সড়কে গত শুক্রবার নার্গিস সুলতানা অশ্রু নামে দুই সন্তানের জননী এক স্বাস্থ্যকর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনি শহরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এফডাব্লিউভি পদে কর্মরত ছিলেন। তার স্বামী রেজবিউল হায়দার হিরু তালতলী উপজেলার বগী পিকে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। তাদের দুটি কন্যা সন্তান রয়েছে। প্রথম কন্যা অর্ণা ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ের অনার্সের ছাত্রী এবং ছোট অর্থি পঞ্চম শ্রেণির ছাত্রী।

জানা যায়, অশ্রুর বেতনের টাকা নিয়ে বহু বছর ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকত। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর বড় মেয়ের টাকার চাহিদা বেড়ে যাওয়ায় সেও বাপের সঙ্গে যুক্ত হয়ে মায়ের সঙ্গে দুর্ব্যবহার করত। এসব ঘটনার জের ধরে অশ্রু আত্মহত্যা করে বলে জানা যায়। যদিও নিহত অশ্রুর ভাই গোলাম সরোয়ার মিরন ঘটনাটিকে হত্যাকাণ্ড অভিহিত করে স্বামী হিরুর বিচার দাবি করেন।

বরগুনা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম তারিকুল ইসলাম জানান, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। অশ্রুর স্বামী রেজবিউল হায়দার হিরুকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।