বগুড়া ও যশোরের উপনির্বাচনে অনিয়ম তদন্তে ইসির কমিটি গঠন

আপডেট : ১২ জুলাই ২০২০, ০০:৪২

আসন্ন বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনকে সামনে রেখে অনিয়ম তদন্তে দুটি নির্বাচনি তদন্ত কমিটি গঠন করে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন-পূর্ব সময়ে সব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কাজ করবে এই কমিটি। ইসির আইন শাখার উপসচিব আফরোজ শিউলীর স্বাক্ষরে এরই মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। এতে বলা হয়েছে—বগুড়ার যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আব্দুল্লাহ আল মামুন এবং সহকারী জজ মো. শাহরিয়ার শামসকে নিয়ে গঠন করা হয়েছে বগুড়া-১ আসনের উপনির্বাচনের ‘নির্বাচনি তদন্ত কমিটি’। আর যশোর-৬ আসনের নির্বাচনের জন্য যশোরের যুগ্ম জেলা জজ (ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল) নুর নবী এবং সহকারী জজ রেজাউল করিম বাঁধনকে নিয়ে নির্বাচনি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি উপনির্বাচন দুটির ফলাফল গেজেট আকারে প্রকাশ হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন। তফসিল অনুযায়ী আসন দুটিতে উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে  ১৪ জুলাই।