মালয়েশিয়ায় অভিবাসী কর্মীদের ওপর চলা নিপীড়নমূলক আচরণ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরায় প্রচারিত একটি অনুসন্ধানী প্রতিবেদনকে কেন্দ্র করে একজন বাংলাদেশিকে সমন জারি করাসহ সার্বিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের অভিবাসন খাতের ২১টি সংগঠন।
মালয়েশিয়া সরকারের কাছে তারা সাংবাদিক ও প্রবাসীদের কোনো ধরনের হয়রানি না করার আহ্বান জানিয়েছে। এ ব্যাপারে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন, ঢাকার পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় হওয়ার অনুরোধ জানিয়েছে। গতকাল শনিবার ২১টি সংগঠনের একটি যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, গত ৩ জুলাই লকডআপ ইন মালয়েশিয়ান লকডাউন-১০১ ইস্ট-শীর্ষক প্রতিবেদনটি আল-জাজিরার ইংরেজি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়। এতে দেখানো হয়, মালয়েশিয়া সরকার মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) এর মাধ্যমে মহামারির সময়ে অভিবাসীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে। প্রতিবেদনে নিপীড়নের যে ছবি উঠে এসেছে সেটা নিন্দনীয় ও গভীর উদ্বেগের। মালয়েশিয়া সরকারের এই ঘটনাগুলো তদন্ত করা উচিত।
এ ঘটনার পর আল-জাজিরার সাংবাদিকদের ডেকে তাদের জিজ্ঞাসাবাদ করেছে মালয়েশিয়া। প্রতিবেদনে সাক্ষাত্কার দেওয়ায় বাংলাদেশি একজন যুবক রায়হান কবিরকেও (২৫) খোঁজা হচ্ছে বলে জানাচ্ছে মালয়েশিয়া ও আন্তর্জাতিক গণমাধ্যম। রায়হান কবিরের ব্যক্তিগত তথ্য চেয়ে সমন জারি ও পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে স্থানীয় প্রশাসন যা গভীর উদ্বেগের বিষয়।
যৌথ বিবৃতি প্রদানকারী সংগঠনগুলো হলো—রামরু, ওয়ারবি, ব্র্যাক, মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ), ওকাপ, বিএনএসকে, আইআইডি, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, বমসা, বাসুগ, ইনাফি, কর্মজীবী নারী, বিএনপিএস, ডেভকম, ইমা, আওয়াজ ফাউন্ডেশন, রাইটস যশোর, বিলস, বাস্তব, ফিল্মস ফর পিস ফাউন্ডেশন এবং মাইগ্রেশন নিউজ।
