গাজীপুরে তিনটি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট : ১২ জুলাই ২০২০, ০০:৫৪

গাজীপুরে তুরাগ নদীর ওপর একটি সেতু উদ্বোধন, একটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ও একটি স্কুলের তিনতলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আকম মোজাম্মেল হক। শনিবার বিকালে তিনি এসব স্থাপনার উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

গাজীপুরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুল বারেক জানান, গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকায় তুরাগ নদীর ওপর ৯০ মিটার দৈর্ঘ্য ও ৯ দশমিক ৮ মিটার প্রস্থ ‘শহীদ কফিল উদ্দিন’ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। দেড় বছরের মধ্যে এ সেতুর নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। এ সময় ইকবাল হোসেন সবুজ এমপি, গাজীপুর সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলম, ত্রাণ ও দুর্যোগবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মোহসিন, গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, পুলিশ সুপার শামসুন্নাহার, উপজেলা পরিষদের চেয়ারম্যান রীনা পারভীনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী সাকেশ্বর বাজার এলাকায় তুরাগ নদীর ওপর নবনির্মিত ‘সামসুল হক সেতু’ উদ্বোধন করেন। ১৪০ মিটার দৈর্ঘ্য ও ৯ দশমিক ৮ মিটার প্রস্থ এ সেতুটির নির্মাণ ব্যয় হয় প্রায় ১০ কোটি টাকা। এ সেতুটি নির্মাণের ফলে গাজীপুরের কালিয়াকৈর ও গাজীপুর সিটি করপোরেশনের মধ্যে সংযোগ সৃষ্টি হয়েছে। উদ্বোধনকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

 বিকালে মন্ত্রী সাকেশ্বর এসকে উচ্চ বিদ্যালয়ের তৃতীয় তলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক মন্ত্রণালয় এটি বাস্তবায়ন করবে।