জাতীয় সংসদের চীফ হুইপ ও স্থানীয় সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীর নির্দেশনায় শিবচরের মাদবরেরচর ইউনিয়নে ত্রাণ বিতরণ করা হয়েছে। মাদবরেরচর ইউনিয়ন পরিষদের সামনে কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় জনস্বাস্থ্য, স্বাস্থ্য সচেনতা ও পরিস্কার পরিচ্ছন্নতার অংশ হিসেবে ১৫০ পরিবারকে একটি করে প্যাকেজ বিতরণ করা হয়।
রবিবার (১২ জুলাই) সকালে মাদবরেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী চৌধুরী সুলতান মাহমুদ এটি বাস্তবায়ন করেন। পরে চীফ হুইপের পক্ষ থেকে দুপুরে বাখরেরকান্দি পূর্ণবাসন কেন্দ্রে বন্যাকবলিত পানিবন্দী ও নদীভাঙ্গন ২০০ পরিবারের প্রত্যেককে ২০ কেজি করে চাউল ও ১০০ পরিবারকে শুকনো খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- শিবচর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও মাদবরেরচর-সন্নাসীরচর-বন্দরখোলা ইউনিয়নের সমন্নয়ক মো. খায়রুজ্জামান খান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক মুন্সি, মাদবরেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আ. হালিম রাঢ়ী, সাধারণ সম্পাদক মতি হাওলাদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ হোসেন মাদবর, আওয়ামী লীগ নেতা নাসির চৌধুরী, মাদবরেরচর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মেম্বারসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।
আওয়ামীলীগ নেতা নাসির চৌধুরী বলেন, মাদবরচর ইউনিয়ন পরিষদের দুইবারের সফল জননন্দিত চেয়ারম্যান চৌধুরী সুলতান মাহমুদ মৃত্যুর ভয়কে উপেক্ষা করে গরীব অসহায় মানুষের দুয়ারে দুয়ারে সরকারি এবং ব্যাক্তিগত ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছেন। দেশে প্রথম করোনা ভাইরাসের প্রার্দুভাব দেখা দেওয়ার পর থেকেই নিজ ইউনিয়নে করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক প্রচার, লিফলেট ও মাস্ক বিতরন সহ সামাজিক দুরত্ব বজায় রাখতে প্রচার প্রচারণায় তার ভুমিকা প্রশংসিত। তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে তার ইউনিয়নের বিভিন্ন এলাকায় সেতু, কালভার্ট ও রাস্তার সংস্কার এবং বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা সহ জনসাধারণের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা প্রদানে তার ভুমিকা সন্তোষজনক এমনটায় জানান তার ইউনিয়নের এই আওয়ামীলীগ নেতা। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর ৩১ দফা বাস্তবায়ন করার জন্য ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে গিয়ে আমাগো চেয়ারম্যান চৌধুরী সুলতান মাহমুদ ও মাদবরেরচর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আ: হালিম রাঢ়ী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আ: হালিম রাঢ়ী ত্রাণ সহায়তার পাশাপাশি গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে আর্থিক সহায়তা প্রদান করে থাকেন।
এবিষয়ে মাদবরচর ইউনিয়ন পরিষদের দুইবারের সফল চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী চৌধুরী সুলতান মাহমুদ বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই উন্নয়ন-অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এবং জাতীয় সংসদের চিফ হুইপ ও স্থানীয় সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী উন্নয়নের সহযোগী হতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। আমাকে ২য় বারের মত চেয়ারম্যান নির্বাচিত করায় ইউনিয়নবাসীর কাছে আমি কৃতজ্ঞ। তাদের প্রত্যাশা পুরণে সবসময় সেবা দিয়ে পাশে থেকে কাজ করে যেতে চাই এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে অসহায় দুস্থ মানুষের মাঝে সরকারের ত্রাণ সামগ্রী এবং আমার ব্যক্তিগত সহায়তা যথাসময়ে তাদের কাছে পৌঁছে দেওয়ার ফলে আল্লাহর রহমতে এখন পর্যন্ত ভাল আছে এই ইউনিয়নের মানুষ। গেলো ঈদেও সরকারি ত্রাণ ও প্রধানমন্ত্রীর পাঠানো উপহার সামগ্রী এবং চীফ হুইপের পক্ষ থেকে ত্রাণ ছাড়াও আমার নিজস্ব তহবিল থেকে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলো মাঝে ফটোসেশন না করে তাদের বাড়ীতে বাড়ীতে বিভিন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি।
ইত্তেফাক/আরএ
