এইচএসসি পরীক্ষার ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

আপডেট : ১২ জুলাই ২০২০, ২০:০৯

মো: কবির হোসেন (সুজন) সিনিয়র প্রভাষক

নিকুঞ্জ মডেল কলেজ, ঢাকা।

গতকালের পর

বাসায় বসে এগুলো অনুশীলন কর। পরিস্থিতি স্বাভাবিক হলে যেকোনো সময় পরীক্ষা হয়ে যেতে পারে। তাই মনোযোগ দিয়ে বাসায় পড়। আমরা আছি তোমাদের সাথে।

উদ্দীপক ঃ  অফিসের সহায়ক জনাব আলতাফ হোসেনকে অধ্যক্ষ মহোদয় কিছু জরুরী কাগজপত্র পোষ্ট অফিসে পোষ্ট করার জন্য পাঠালেন। পথিমধ্যে উপাধ্যক্ষ কলেজের কিছু জরুরী কাগজ ফটোকপি করার জন্য অফিস সহায়ককে দায়িত্ব দিলেন। অফিস সহায়ক ফটোকপি শেষ করে পোষ্ট অফিসে যেতে যেতে পোষ্ট অফিসের সেই দিনের সেবা কার্যক্রম বন্ধ হয়ে গেল। অফিস সহায়ক ঐ দিন আর জরুরী কাগজপত্র পোষ্ট করতে পারলেন না। এতে অধ্যক্ষ মহোদয় সহায়কের প্রতি খুব ক্ষুব্দ হলেন। তাই তিনি অফিস সহকারীকে সংক্ষিপ্ত সময়ে হাতে-কলমে কিছু পদ্ধতি এবং যন্ত্রপাতির সঠিক ব্যবহার শিখিয়ে ফটোকপি মেশিন তাকে পরিচালনার দায়িত্ব প্রদান করেন।

গ) উপরের উদ্দীপকে ব্যবস্থাপনার কোন নীতিটি লঙ্গিত হয়েছে? আলোচনা কর।

ঘ) উদ্দীপকে অফিস সহকারীর কার্যভার বৃদ্ধি আদর্শ ব্যবস্থাপকের দক্ষতার কোন দিকটি সমর্থন করে? তোমার মতামত দাও।

উদ্দীপকের গ নং প্রশ্নের উত্তর ঃ উপরের উদ্দীপকে আদেশের ঐক্যের নীতির কথা বলা হয়েছে।

কোনো অধ:স্তনের যদি আদেশদাতা একজন মাত্র নির্বাহী বা ঊধ্বর্তন হয়ে থাকেন এবং অধ:স্তন যদি সেই অনুযায়ী কাজ করতে পারেন তবে সেই আদেশকে আদেশের ঐক্য বলা হয়। উপরের উদ্দীপকে অফিস সহায়ককে অধ্যক্ষ মহোদয় একটি কাজ করার জন্য আদেশ প্রদান করেন। পথিমধ্যে উপাধ্যক্ষ মহোদয় না জেনেই উক্ত কর্মীকে আরেকটি আদেশ প্রদান করেন। এতে কর্মীর আদেশ পালনে জটিলতা দেখা দেয়। কারণ, দুই জনের আদেশই তাকে পালন করতে হয়। এতে জরুরী কাজের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয়, কার্য পালনে বিলম্ব হয়, ফলশ্রুতিতে ব্যর্থতা কর্মীর উপর গিয়ে পড়ে। তাই কোনো কর্মীর আদেশ দাতা হবেন একজন মাত্র নির্বাহী। তাই দুইজন নির্বাহীর একই সময়ে আদেশের কারণে ব্যবস্থাপনার আদেশের ঐক্যের নীতি লঙ্গিত হয়েছে।

উদ্দীপকের ঘ নং প্রশ্নের উত্তর  : উপরের উদ্দীপকে আদর্শ ব্যবস্থাপকের কারিগরি দক্ষতার প্রতি ইঙ্গিত করা হয়েছে।

কোনো কার্য সম্পাদনে যে পদ্ধতি,কৌশল ও যন্ত্রপাতি ব্যবহার করা হয় তা সঠিকভাবে ব্যবহার করতে পারাকে কারিগরি দক্ষতা বলা হয়। প্রাতিষ্ঠানিক সকল কাজের সাথে কম বেশি কারিগরি দক্ষতা জড়িত। উদ্দীপকে অফিস সহকারীকে সংক্ষিপ্ত সময়ে হাতে-কলমে কিছু পদ্ধতি এবং যন্ত্রপাতির সঠিক ব্যবহার শিখিয়ে ফটোকপি মেশিন তাকে পরিচালনার দায়িত্ব প্রদান করেন। এতে  যন্ত্রপাতির পদ্ধতি ও কৌশল তাকে শেখানো হয়েছে। যেহেতু পদ্ধতি ও কৌশল জড়িত এবং এটি মেশিনের সাথে সংশ্লিষ্ট তাই আমরা কারিগরি দক্ষতাকে সমর্থন করতে পারি।

আদর্শ ব্যবস্থাপকের দক্ষতার মধ্যে কারিগরি দক্ষতা একটি অত্যাবশ্যকীয় বিষয়। কারণ বর্তমান প্রযুক্তির যুগে যে কোনো বিষয়ের সাথে কারিগরি বিষয় জড়িত। কারণ, যে কোনো যন্ত্রপাতি ব্যবহারের জ্ঞানও কারিগরি দক্ষতার বিষয়। তবে এর সাথে মানবীয় দক্ষতাও অন্তর্ভূক্ত করা যায়। কারণ,মানুষের সাথে মিশে প্ররোচিত করার মাধ্যমে এটি আদায় করা হয়।