নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা জেলায় করোনাকালীন সময়েও গত তিন মাসে ১৩টি খুনের ঘটনা ঘটেছে এবং ৩৭টি ধর্ষণের মামলা হয়েছে। রবিবার অনলাইনে কমিটির সভাপতি জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত নেত্রকোনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় নেত্রকোনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী এই তথ্য জানান।
তবে সকল হত্যার রহস্য উদঘাটন এবং মামলার আসামিদের গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। সভায় জানানো হয়, এপ্রিল মাসে তিনটি খুন এবং ১০টি ধর্ষণ, মে মাসে ছয়টি খুন এবং ১৮টি ধর্ষণ এবং জুন মাসে চারটি খুন এবং ৯টি ধর্ষণের মামলা হয়েছে। জুম অনলাইনে অনুষ্ঠিত সভায় পৌর মেয়র, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রেসক্লাবের সম্পাদক বক্তব্য রাখেন।
