শচিনের সুপারিশে সহমত লারার

আপডেট : ১২ জুলাই ২০২০, ২১:৫০

ডিআরএস

স্পোর্টস ডেস্ক

আইসিসির নিয়ম অনুযায়ী, এলবিডব্লিউয়ের ক্ষেত্রে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত রিভিউয়ে বদলে দিতে হলে বলের ৫০ ভাগের বেশি অংশ লাগতে হয় স্টাম্পে। বলের অর্ধেকের বেশি অংশ স্টাম্পে না লাগলে টিকে যায় মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত। ব্রায়ান লারার সঙ্গে টুইটার আড্ডায় শনিবার শচিন টেন্ডুলকার মন্তব্য করলেন, এই নিয়মের বদল চান তিনি। উদাহরণ দিলেন টেনিস খেলাকে দিয়ে। তিনি বলেন, ‘রিভিউয়ের আইসিসির যে নিয়ম বেশ কিছুদিন ধরে আসছে, সেটির সঙ্গে আমি একমত নই। কেউ যখন রিভিউ নেন, তার মানে মাঠের সিদ্ধান্ত নিয়ে তিনি অখুশি। এটিই রিভিউ নেওয়ার একমাত্র কারণ। তৃতীয় আম্পায়ারের কাছে যখন পাঠানো হয়, তখন প্রযুক্তির ওপরই সবকিছু ছেড়ে দেওয়া উচিত। অনেকটা টেনিসের মতো, হয় বাইরে নয় ভেতরে। মাঝামাঝি বলে কিছু নেই। বলের কত শতাংশ স্টাম্পে লাগছে, তা ব্যাপার নয়। রিভিউয়ে যদি দেখা যায়, বল স্টাম্পে লাগছে, তাহলে আউট দেওয়া উচিত, মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত যেটাই হোক। এটিই তো প্রযুক্তি ব্যবহারের উদ্দেশ্য।’ টেন্ডুলকারের কথার সুরেই লারা বললেন, রিভিউ পদ্ধতি আরো পরিশীলিত করা উচিত। তিনি বলেন, ‘তোমার কথায় যুক্তি আছে। কারণ একই ডেলিভারির ক্ষেত্রে, আম্পায়ার আউট দিলে রিভিউয়ের সিদ্ধান্ত একরকম হয়, আউট না দিলে আরেকরকম। আমার মনে হয়, এটি (রিভিউ) যখন ক্রিকেটের অংশই হয়ে উঠেছে, আমি এটি রেখে দেওয়ার পক্ষে।’