সরকারি হাসপাতালের সেবা নিয়ে যখনই কথা উঠবে তখনই এর সঙ্গে অনেকগুলো বিষয় যুক্ত হবে—লোকবল সংকট, হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা, আধুনিক যন্ত্রপাতির সংকট অথবা ব্যবহার ঠিক না হওয়া, কিছু কিছু সময় ডাক্তার সংকট, উন্নত চিকিত্সার যন্ত্রপাতি সংকট ইত্যাদি! হাসপাতালে সেবা পাওয়ার জায়গাটি রোগীর অনুকূলে না থাকলে তারা কোথায় গিয়ে দাঁড়াবে? উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোর আধুনিকায়ন এখন প্রয়োজন। প্রতিটি উপজেলায় উন্নতমানের পাঁচটি করে আইসিইউ বেড স্থাপনসহ ব্যবস্থাপনায় করণীয় বিষয়গুলো নিয়ে ভাবা উচিত। কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সাপোর্ট দেওয়ার ব্যবস্থা রাখতে হবে। বৈদ্যুতিক জেনারেটরের যথাযথ মেইন্টেনেন্স। উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সগুলো যাতে অ্যাম্বুলেন্স ঠিকভাবে পায় সে ব্যপারে লক্ষ রাখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা। হাসপাতালের তত্ত্বাবধানে ইটিপি, এসটিপি এবং ইনসিনারেটর স্থাপন করে সব ধরনের দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে বর্জ্যের যথাযথ ব্যবস্থাপনা এখন সময়ের দাবি। লোকবলও একটি বড়ো সমস্যা। সরকারের কাছে নিবেদন রাখছি—যাতে করে পুরো টিম এক হয়ে কাজ করতে পারে, এজন্য লোকবল সংকট দ্রুত দূর করা। গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আমরা উল্লিখিত সমস্ত সুবিধা দেখতে চাই।
সাঈদ চৌধুরী
শ্রীপুর, গাজীপুর
