সাঁতার জানা জরুরি

আপডেট : ১২ জুলাই ২০২০, ২২:১৯

গত ২৯ জুন ঢাকা বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় নারী-পুরুষ, শিশুসহ ৩২ জনের বেশি মানুষ মারা গেছে। সাঁতার জানেন এমন কয়েকজন প্রাণে রক্ষা পেয়েছেন। দেশের বিভিন্ন প্রান্তে শিশুসহ পানিতে ডুবে মৃত্যুর সংবাদ নিয়মিত গণমাধ্যমে পাওয়া যায়। পানিতে ডুবে মৃত্যুর উলে­খযোগ্য কারণ হচ্ছে সাঁতার না জানা। শিশুদের ক্ষেত্রে ১ থেকে ১৭ বছর বয়সীরা পানিতে ডুবে মারা যায় বেশি। সাঁতার জানলে অন্তত ৫-১০ মিনিটের বেশি সময় ভেসে থাকতে পারে। তখন তাকে উদ্ধার করা সম্ভব। সাঁতার জানারা যে কোনো সময় পানি থেকে নিজের জীবন রক্ষা করতে পারে। তাছাড়া সাঁতার সব বয়সীদের সহজ ও কার্যকর ব্যায়ামও বটে। জীবন রক্ষায় সন্তানের সাঁতার শিক্ষা দিতে অভিভাবকদের দায়িত্বশীল হতে হবে। সাঁতার শেখানোর মধ্য দিয়ে পানিতে ডুবে অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধ করা সম্ভব। এই ক্ষেত্রে শহর অঞ্চলে সুইমিংপুলে সাঁতার প্রশিক্ষণ সহজলভ্য ও গ্রাম অঞ্চলে পুকুর-দিঘিগুলোকে সাঁতারের উপযুক্ত করে সারা দেশে ৫ বছরের বেশি বয়সের শিশুদের সাঁতার শেখানো আওতায় আনার জন্য সরকার সংশ্লি­ষ্ট মহলের প্রতি বিনীত আবেদন এই যে, জেলা-উপজেলা পর্যায়ে সাঁতার শেখানো কর্মসূচি চালু ও কমিউনিটি সচেতনতা, উদ্ধার প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা গ্রহণ করুন।

মো. সাইমুন

চন্দনাইশ, চট্টগ্রাম