টেকনাফে মাদকের চালান বহনের সময় নিহত ১

আপডেট : ১২ জুলাই ২০২০, ২২:২২

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

কক্সবাজারের টেকনাফে নাফনদী সাঁতরে মাদকের চালান নিয়ে অনুপ্রবেশকালে বিজিবি জওয়ানদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক কারবারি নিহত হয়েছে। এ সময় বিজিবির দুই জওয়ান আহত হলেও ঘটনাস্থল থেকে ইয়াবা, অস্ত্র ও বুলেট উদ্ধার করা হয়েছে।

জানা যায়, ১১ জুলাই দিবাগত রাতের প্রথম প্রহরের দিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ একটি টহল দল দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকা কেয়ারী ঘাটের দক্ষিণ পাশ দিয়ে মাদকের চালান অনুপ্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে টহলে যায়। এ সময় ঘটনাস্থলে সন্দেহভাজন দুই জনের আনাগোনা দেখে বিজিবি জওয়ানরা সর্তক অবস্থান নেয়। কিছুক্ষণ পর এক ব্যক্তি নাফনদী সাঁতার কেটে কিনারায় এলে সন্দেহভাজন ঘোরাফেরা করা ব্যক্তিদ্বয় তার নিকট গেলে বিজিবি জওয়ানরা তাদের চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন বিজিবি জওয়ানরা তাদের ধাওয়া করলে তারা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ করলে বিজিবির দুই সদস্য আহত হয়।

এ ব্যাপারে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।