ইত্তেফাক রিপোর্ট
নতুন ভ্যাট আইনের উদ্দেশ্য ছিল এর বিধি ও আইনগুলো সকলের কাছে সহজ, বোধগম্য এবং নির্ভরযোগ্য হয়ে উঠবে। কিন্তু এবারের বাজেটে অর্থ বিলে যে পরিবর্তন আনা হয়েছে তাতে ভ্যাট আইন ২০১২ এর মূল চেতনা পরিবর্তিত হয়েছে। কর নীতিমালায় বড় পরিবর্তন করার আগে এর প্রভাব নিয়ে মূল্যায়ন করার আহ্বান জানিয়েছে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)। নীতিমালায় ঘন ঘন পরিবর্তন না করাসহ কমপক্ষে তিন-পাঁচ বছরের জন্য রাজস্ব নীতি বজায় রাখতেও আহ্বান জানানো হয়েছে। আইসিএসবি শনিবার ‘অর্থ আইন ২০২০ ও ব্যবসা বাণিজ্যে এর প্রভাব’ শীর্ষক সিপিডি সেমিনারে এ আহ্বান জানানো হয়।
ভার্চুয়ালি আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এর সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির। ইনস্টিটিউটের সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট মোহাম্মদ সানাউল্লাহ এতে সভাপতিত্ব করেন। আইসিএসবির প্রেসিডেন্ট মোজাফফর আহমেদ স্বাগত বক্তব্য দেন। লাফার্জ হোলসিম বাংলাদেশের সিএফও মোহাম্মদ ইকবাল চৌধুরী এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার নিহাদ কবির বলেন, কোভিড মহামারির কারণে ৩৫ শতাংশ ভ্যালু চেইন বাধাগ্রস্ত হয়েছে। কোভিডের প্রভাবে অনেকেই বেকার হচ্ছেন। বিদেশ থেকে ফেরত আসছেন প্রবাসী শ্রমিকরা। তাই এখন এসএমই খাতে বড় বিনিয়োগ প্রয়োজন। আমাদের জিডিপি প্রবৃদ্ধির চেয়ে বাজেটের ঘাটতি এবং মুদ্রাস্ফীতির হার সম্পর্কে বিশেষত চিন্তা করা দরকার।
