সেতু পুনর্নির্মাণে খালে বাঁধ
লালপুর (নাটোর) সংবাদদাতা
সেতু পুনর্নির্মাণের জন্য লালপুর উপজেলার ইছামতি খালে বাঁধ দিয়ে বিকল্প সড়ক তৈরি করা হয়েছে। এতে জলাবদ্ধতার মুখে পড়েছে গোপালপুর পৌরসভার দুই ওয়ার্ডের মানুষ। সোমবার জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন করেছে ঐ এলাকার মানুষ। মানববন্ধনে বক্তব্য রাখেন ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর আব্দুল কুদ্দুস মালিথা, নছির উদ্দিন, কাজী কামরুজ্জামান প্রমুখ।
এ ব্যাপারে গোপালপুর পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম বলেন, পৌর এলাকার পানি দ্রুত নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করি, খুব তাড়াতাড়ি আবাসিক এলাকার পানি নেমে যাবে। লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি জানান, বিষয়টি নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে জানানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
