এবার ক্রাইম রিপোর্টার

আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ১৯:০৪

হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি এ পর্যন্ত অসংখ্য চরিত্রে অভিনয় করেছেন। তবে দর্শকরা এবার তাকে একজন ক্রাইম রিপোর্টারের ভূমিকায় দেখতে পাবেন। নন্দিত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় ‘প্রীতি’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে পরীকে এমন চরিত্রে দেখা যাবে। রহস্যে ঘেরা নানা রোমাঞ্চকর কাহিনি নিয়ে নির্মিত এই ছবির শুটিং সম্পন্ন হয়েছে উত্তরা ও রাজধানীর বিভিন্ন স্থানে। এর আগে একই নির্মাতার ‘স্বপ্নজাল’-এ শুভ্রা হয়ে অনবদ্য অভিনয়ের মাধ্যমে দর্শককে মুগ্ধ করেছিলেন পরীমনি। ‘প্রীতি’ চলচ্চিত্রে নিজের চরিত্র প্রসঙ্গে পরীমনি বলেন, ‘এতে আমার চরিত্রের নাম প্রীতি। সে একজন ক্রাইম রিপোর্টার। কিন্তু সমাজের অনেক ক্রাইমই সে প্রকাশ করতে পারে না। কারণ সে মেয়ে। কিন্তু প্রীতি হাল ছাড়ে না। দৃঢ় মনোবল নিয়ে সে এগিয়ে যায়।’ প্রীতি চরিত্রটি ধারণ করতে পারছেন কী? জবাবে পরীমনি বলেন, ‘খুব সহজ না। কারণ আমি তো আর প্রীতি নই। কখনো প্রীতি ছিলামও না। প্রীতিও আমার মতো না। কিন্তু আমার মধ্যে প্রীতিকে দেখতে পাবেন দর্শক।’ আবারও গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় কাজ করা প্রসঙ্গে পরী বলেন, ‘এই প্রশ্নের উত্তর দেওয়া আমার জন্য খুব কঠিন। ভালো লাগছে বললে কম বলা হয়ে যাবে। আবার কী বললে যে এই ভালোলাগাটা বুঝাতে পারব, সেটাই ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারণ এটা সেলিম ভাইয়ের কাজ বলে কথা।’ একজন ক্রাইম রিপোর্টারের ভূমিকায় কেমন করছেন পরীমনি, এমন প্রশ্নের জবাবে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘প্রীতি চরিত্রে খুব ভালো অভিনয় করছে সে। দর্শককে মুগ্ধ করার মতোই অভিনয় করছে।’ শিগগিরই ৩০ মিনিট ব্যাপ্তির এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ডিজিটাল প্লাটফর্ম ‘বায়োস্কোপ’-এ প্রচারিত হবে।