করোনায় সিএমপির উপ-কমিশনারের মৃত্যু

আপডেট : ১৩ জুলাই ২০২০, ২২:৪২

রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল সোমবার ভোর রাতে মো. মিজানুর রহমান নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগের উপ-কমিশনার (ডিবি-দক্ষিণ) ডিসি হিসেবে কর্মরত ছিলেন।

রাজারবাগ পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সাইফুল ইসলাম জানান, তিনি সোমবার ভোর ৩টা ৪১ মিনিটে চিকিত্সাধীন অবস্থায় শাহাদতবরণ করেন। ২২তম বিসিএস পুলিশ ব্যাচের এই মেধাবী কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৮ জুন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু চিকিত্সক ও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সব প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কর্মজীবনে মিজানুর রহমান সিএমপির             ডিসি-ডিবিসহ ঝিনাইদহ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জানা গেছে, করোনা মহামারি ছড়িয়ে পড়ার পর চট্টগ্রাম নগরে মাঠে থেকে কাজ করেছেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষা, লকডাউন কার্যকর, মানুষের মধ্যে সচেতনতা তৈরি, কর্মহীন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও ত্রাণ বিতরণ মাঠ পর্যায় থেকে সরাসরি তদারকি করেছেন তিনি।

পারিবারিক সূত্র জানায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা মিজানুর রহমান ২২তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। চট্টগ্রাম মহানগর পুলিশে যোগদানের আগে ঝিনাইদহ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।