কাশ্মীর সফরে ভারতের সেনাপ্রধান, ফরওয়ার্ড পোস্টে খতিয়ে দেখলেন প্রস্তুতি

আপডেট : ১৩ জুলাই ২০২০, ২২:৪৪

গালওয়ান উপত্যকা ও প্যাংগং লেকে ভারত-চীন দ্বন্দ্ব এখনো পুরোপুরি মেটেনি। এরই মধ্যেই গতকাল সোমবার কাশ্মীরে ভারত-পাকিস্তান সীমান্তের ফরওয়ার্ড এলাকা পরিদর্শন করলেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরবণে। সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর প্রস্তুতি খতিয়ে দেখেন সেনাপ্রধান। খবর আনন্দবাজার পত্রিকার

ভারতের সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা জানান, সকালে সেনাবাহিনীর বিশেষ বিমানে কাশ্মীরে নামেন সেনাপ্রধান। সেখানে টাইগার ডিভিশনের কাজকর্ম প্রস্তুতি খতিয়ে দেখেন। তারপর সেখান থেকে হেলিকপ্টার ফরওয়ার্ড পোস্টের এলাকায় যান।              সেখানেও সেনারপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতি নিয়ে। ঐ পদস্থ কর্মকর্তা জানান, গোয়েন্দা রিপোর্টে নিয়ন্ত্রণ রেখায় তেমন কোনো আশঙ্কামূলক গতিবিধি খবর না থাকলেও বর্তমান সুরক্ষা ব্যবস্থা কেমন রয়েছে, সেসব বিষয় খতিয়ে দেখেন জেনারেল নরবণে।

মাঝেমধ্যেই অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘণ করে নিয়ন্ত্রণরেখায় গোলাবর্ষণ করে পাকিস্তান। ভারতীয় সেনাও এর যোগ্য জবাব দেয়। তবে গত কয়েক দিনে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটেনি বলেই সেনা সূত্রে খবর। যদিও সম্প্রতি উপত্যকায় জঙ্গি কার্যকলাপ বেড়েছে। মাঝেমধ্যেই পুলিশ ও সেনার যৌথ অভিযানে জঙ্গি নিহত হওয়ার খবর মিলছে। এর মধ্যে সেনাপ্রধানের এই উপত্যকা সফর তাত্পর্যপূর্ণ বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।