সন্তানদের জন্য অপেক্ষারও শেষ হলো!

আপডেট : ১৪ জুলাই ২০২০, ২০:০১

বিনোদন রিপোর্ট

 

কিংবদন্তী সংগীতশিল্পী এন্ড্রু কিশোর মৃত্যুবরণ করেন ৬ জুলাই। তবে শেষ বিদায়ের আগে সন্তানদের জন্য ছিল অপেক্ষা। সেই অপেক্ষার পালা শেষ হলো। ছেলে জে এন্ড্রু সপ্তকের পর মেয়ে মিনিম এন্ড্রু সংজ্ঞাও গত ১৩ জুলাই দেশে ফিরেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, আজ এন্ড্রু কিশোরের শেষ বিদায়ের আয়োজন সংক্ষেপে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ গায়ককে শেষ শ্রদ্ধা জানাতে কোনো আয়োজন রাখেনি। শোনা যাচ্ছে, করোনার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তাই মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের হিমঘর থেকে সরাসরি স্থানীয় গির্জায় নেওয়া হবে। সেখানে শেষকৃত্য শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে এন্ড্রুকে। রাজশাহী শহরের একটি ক্লিনিকে জীবনের শেষ ক’টা দিন কাটিয়েছেন তিনি। এন্ড্রু কিশোরের সহকারী শিষ্য মোমিন বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রথমে আগ্রহ দেখালেও তাদের ওখানে দাদার ছেলে সপ্তক ও আমি গিয়ে কোনো প্রস্তুতি দেখিনি। তাই শেষকৃত্য ও অন্যান্য আয়োজন সংক্ষেপে হবে। রাবিতে নেওয়া হবে না দাদার মরদেহ।’