বিনোদন রিপোর্ট
আজ পথচলার ২৩ বছর পূর্ণ করে ২৪ বছরে পদার্পণ করছে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। ‘অবিরাম বাংলার মুখ’—শ্লোগানকে বুকে ধারণ করে ১৫ জুলাই ১৯৯৭ সালে যাত্রা শুরু করে চ্যানেলটি। ঐদিন বিশ্বব্যপী প্রথম বাংলা ভাষার সম্প্রচার ঘটে জনপ্রিয় এই বাংলাদেশি চ্যানেলটির মাধ্যমে। ২০০৭ সাল থেকে এখন পর্যন্ত দেশে ও দেশের বাইরে অনুষ্ঠিত বিভিন্ন খেলা নিয়মিতই সরাসরি সম্প্রচার করে আসছে এটিএন বাংলা। দীর্ঘ পথ পরিক্রমায় এটিএন বাংলার অর্জন অনেক। এরমধ্যে উল্লেখযোগ্য হলো ২০০৪ সালের ২২ নভেম্বর ‘আমরাও পারি’ অনুষ্ঠানের জন্য ছোটপর্দার অস্কার খ্যাত এমি অ্যাওয়ার্ড অর্জন। এছাড়াও অসংখ্য সম্মাননা রয়েছে চ্যানেলটির প্রাপ্তির তালিকায়।
উল্লেখ্য, বর্তমান করোনা পরিস্থিতির কারণে এ বছর কেক কাটা এবং ফুলেল শুভেচ্ছা গ্রহণ করা হবে না। তবে এটিএন বাংলার পর্দায় দর্শকদের জন্য বেশকিছু অনুষ্ঠান থাকছে। দীর্ঘ ২ যুগের পথচলায় এটিএন বাংলার আর্কাইভে রয়েছে অনেক জনপ্রিয় অনুষ্ঠান। দিনব্যাপী অনুষ্ঠানমালায় এসব অনুষ্ঠানের পাশাপাশি কণ্ঠশিল্পী ইভা রহমান এবং ড. মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান প্রচার করা হবে। এছাড়াও রাজনীতিবিদ, দেশের বিশিষ্ট নাগরিক এবং গণমাধ্যম ও সাস্কৃতিক কর্মীদের অনলাইনে প্রেরিত শুভেচ্ছা বার্তা প্রচার করা হবে।
