রুয়েটে দেশীয় প্রযুক্তির ‘ভেন্টিলেটর’ উদ্ভাবন

আপডেট : ১৪ জুলাই ২০২০, ২১:৫৩

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘দুর্বার কান্ডারী টিম’ মূল্যসাশ্রয়ী ‘দুর্বার কান্ডারী ইমার্জেন্সি ভেন্টিলেটর’ তৈরি করেছে। রুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মাসুদ রানার তত্ত্বাবধানে ঐ টিম প্রায় দুই মাসের পরিশ্রমে এই ভেন্টিলেটর তৈরি করে। মঙ্গলবার রুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের হল রুমে ‘দুর্বার কান্ডারী টিম’ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।  সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রুয়েটে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সেখ। এ সময় রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সেলিম হোসেন, পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন প্রফেসর ড. মিয়া মো. জগলুল সাদত, পরিচালক গবেষণা ও সম্প্রসারণ প্রফেসর ড. মো. ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে রুয়েটের ভাইস চ্যান্সেলর বলেন, দুর্বার কান্ডারী ইমার্জেন্সি ভেন্টিলেটরের মাধ্যমে বাংলাদেশের ভেন্টিলেটর সংকট সমস্যার সমাধান হবে এটাই প্রত্যাশা। ‘টিম দুর্বার কান্ডারীর রুয়েট’ তত্ত্বাবধায়ক এবং প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মো. মাসুদ রানা বলেন, এই ভেন্টিলেটর মাত্র ৩০ থেকে ৩৫ হাজার টাকা ব্যয়ে প্রস্তুত করা সম্ভব। কেননা দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এবং কেবলমাত্র করোনা আক্রান্ত রোগীদের চাহিদার কথা ভেবে ‘দুর্বার কান্ডারী ইমার্জেন্সি ভেন্টিলেটর’ প্রস্তুত করা হয়েছে।