বরিশাল মেডিক্যাল কলেজের বিদেশি ছাত্রাবাসে অগ্নিকাণ্ড

আপডেট : ১৪ জুলাই ২০২০, ২১:৫৭

বরিশাল অফিস

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের বিদেশি শিক্ষার্থীদের ছাত্রাবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। সোমবার রাত সাড়ে ১১টার দিকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের মঈনুল হায়দার ছাত্রাবাসে এই ঘটনা ঘটে। অধ্যক্ষ অধ্যাপক ডা. এস এম সরোয়ার জানান, মঈনুল হায়দার ছাত্রাবাসে এই মুহূর্তে ২৪ জন বিদেশি শিক্ষার্থী রয়েছে। এরমধ্যে ২৩ জন ফিলিস্তিনি ও একজন নেপালি নাগরিক। এরা নিজেরাই গ্যাসের চুলায় রান্না করেন। রাতে শিক্ষার্থীদের কেউ একজন গ্যাসের চুলা জ্বালানোর সময় আগুন ধরে যায়। এতে গ্যাস সিলিন্ডার-চুলা ও কুকার এবং একটি জানালা পুড়ে যায়। তাত্ক্ষণিক কম্বল ভিজিয়ে তারা আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষতি হয়নি। বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন বলেন, আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতিও হয়েছে সামান্য।