কিশোরগঞ্জ প্রতিনিধি
বাজিতপুরে নিখোঁজের এক সপ্তাহ পর অটোরিকশাচালক রাব্বীর (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার হাঁপানিয়া গ্রামের মৃত মোহন মেম্বারের বাড়ির সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়। সে উপজেলার রুস্তমপুর গ্রামের নিলু মিয়ার ছেলে।
নিহতের বড় ভাই সাদেক জানান, গত ৭ জুলাই হাঁপানিয়া গ্রামের সাচ্চু ও তার কয়েক জন বন্ধু বাজিতপুরে যাওয়ার উদ্দেশে রাব্বী মিয়ার অটোরিকশাটি ভাড়া নেয়। এরপর থেকে অটোরিকশাসহ রাব্বীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। এ ব্যাপারে বাজিতপুর থানায় একটি জিডি করা হয়। এই ঘটনার পর থেকে সাচ্চু ও তার পরিবারের লোকজন পলাতক ছিল। বাজিতপুর থানার ওসি মো. মাজহারুল ইসলাম জানান, অটোরিকশাটি উদ্ধার এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
