গাজীপুর সিটি কর্পোরেশনের হাড়িনাল এলাকায় নির্বাচনের দিন যুবলীগ নেতা লিয়াকত হোসেন খুনের ঘটনায় গ্রেফতারকৃত এজাহারভুক্ত তিন আসামিকে বৃহস্পতিবার দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করে পুলিশ। পরে আদালতের বিচারক শুনানি শেষে প্রত্যেক আসামিকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডকৃত আসামিরা হলেন— তানভির হোসেন ওরফে বড় তুহিন, মোঃ নয়ন ও সৈয়দ মোমেন আলম তুহিন ওরফে ছোট তুহিন।
এদের মধ্যে ছোট তুহিন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) জাহাঙ্গীর আলম। তিনি জানান, এ মামলায় ইতোপূর্বে গ্রেফতার হওয়া আরো ৮ আসামির প্রত্যেককে দুইদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
গতকাল শুক্রবার রাতে ইন্সপেক্টর (অপারেশন) জাহাঙ্গীর আলম জানান, ছোট তুহিনের স্বীকারোক্তি মোতাবেক গতকাল রাতে পুলিশ ঐ শহরের পানির ট্যাংকি এলাকা থেকে আরও ২ জনকে আটক করেছে। তারা হচ্ছে সাজ্জাদ হোসেন (১৯) আশিক (২০)। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আজ আদালতে চালান দেওয়া হবে। এর আগে রিমাণ্ডে নেওয়া আসামিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।
