ইত্তেফাক রিপোর্ট
পাঁচ দিন ঊর্ধ্বমুখী ছিল শেয়ারবাজার। সোমবার থেকে পতনের ধারা শুরু হয়। গতকাল মঙ্গলবারও সে ধারাবাহিকতা বজায় ছিল। গতকাল উভয় শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক কমেছে। একই সঙ্গে কমেছে টাকার পরিমাণে লেনদেন। আর লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশির ভাগেরই শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭ দশমিক ৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮২ দশমিক ১৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ২ দশমিক ২ পয়েন্ট এবং সিডিএসইটি ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৭৪ দশমিক ০৪ পয়েন্টে এবং ৮০৮ দশমিক ৭৫ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ১ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯৫২ দশমিক ১৩ পয়েন্টে।
ডিএসইতে গতকাল ২৮৯ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৮৮ কোটি ৬৪ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৩৭৭ কোটি ৯৫ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৩টির বা ১২ দশমিক ৩৯ শতাংশের, শেয়ার দর কমেছে ১২০টির বা ৩৪ দশমিক ৫৮ শতাংশের এবং ১৮৪টির বা ৫৩ দশমিক ০২ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫ দশমিক ৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৬০১ দশমিক ১৭ পয়েন্টে। সিএসইতে গতকাল ১৯০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪১টির দর বেড়েছে, কমেছে ৬১টির আর ৮৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৭ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
