চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে ডা. সুলতানা লতিফা জামান আইরিন (৩৪) নামে এক নারী চিকিত্সকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালের গাইনী বিভাগের রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন।
চমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. আফতাবুল ইসলাম বলেন, ডা. আইরিন বেশ কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। এর আগে তিনি মা ও শিশু হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। পরে তাকে চমেক হাসপাতালে আনা হয়। ডা. আইরিন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সাংগঠনিক সম্পাদক ডা. মাইজুল আকবর চৌধুরীর সহধর্মিণী।
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, মুকসুদপুরে করোনায় আক্রান্ত হয়ে এম ওমর আলী (৪৮) নামে এক সংবাদকর্মীর মৃত্যু হয়েছে। সোমবার রাতে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ওমর মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের কুলাকোনা গ্রামের বাসিন্দা। তিনি মুকসুদপুর উপজেলা থেকে প্রকাশিত পাক্ষিক মুকসুদপুর সংবাদের সংবাদকর্মী এবং একই সঙ্গে জীবন বীমা করপোরেশনের মুকসুদপর শাখার ব্যবস্থাপক ছিলেন। মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রহমান জানান, বেশ কয়েক দিন ধরে ্ওমরের জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট দেখা দেয়। ৯ জুলাই তিনি নুমনা দেন এবং পরের দিন তার করোনা শনাক্ত হয়। প্রথমে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন। সোমবার তার শারীরিক অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
