বাংলাদেশসহ সাত দেশের জন্য তহবিল গড়ছে ব্রিটেনের ১৪ দাতব্য সংস্থা

আপডেট : ১৪ জুলাই ২০২০, ২২:৩৮

ইত্তেফাক রিপোর্ট

করোনা মহামারির সংকটকালে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাসহ সাত দেশে বাস্তুচ্যুত মানুষদের সহায়তার জন্য ব্রিটেনের ১৪টি দাতব্য সংস্থার একটি জোট তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছে। সংগৃহীত তহবিল সবার আগে ইয়েমেন, সিরিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান, কঙ্গো, আফগানিস্তান এবং বাংলাদেশে দেওয়া হবে। গতকাল মঙ্গলবার ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

দাতব্য সংস্থাগুলোর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ব্রিটেন সরকার বলেছে, ব্রিটিশ জনগণের এই স্বেচ্ছা অনুদান যাতে প্রকৃত ভুক্তভোগীদের মাঝে দ্বিগুণ প্রভাব ফেলতে পারে, সেজন্য দেশটির সরকার কাজ করবে। যে সাতটি দেশের জন্য ব্রিটিশ সংস্থাগুলো তহবিল সংগ্রহ করছে, তার মধ্যে বাংলাদেশও রয়েছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর সুরক্ষায় বাংলাদেশকে এই তহবিলের অর্থ দেওয়া হবে। ব্রিটিশ সরকার দেশটির জনগণকে এই উদ্যোগে সাড়া দেওয়ার জন্য আবেদন জানিয়েছে।

যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী এনি মারিয়া ট্রিভিলিয়ান বলেছেন, তহবিলের সংগ্রহ করা অর্থ দ্বিগুণ করতে সরকার সহায়তা করবে।

তহবিল সংগ্রহ করা ডিজাস্টার ইমারজেন্সি কমিটি জোটের  সংগঠনগুলো হলো—অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার, অ্যাকশন এইড ইউকে, এইজ ইন্টারন্যাশনাল, ব্রিটিশ রেড ক্রস, সিএএফওডি, কেয়ার ইন্টারন্যাশনাল ইউকে, ক্রিস্টিয়ান এইড, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড ইউকে, ইসলামিক রিলিফ ওয়ার্ল্ড ওয়াইড, ওক্সফাম জিবি, প্লান ইন্টারন্যাশনাল ইউকে, সেইভ দ্য চিলড্রেন ইউকে, টিয়ার ফান্ড এবং ওয়ার্ল্ড ভিশন ইউকে।