চামড়ার মূল্য ন্যূনতম ২ হাজার টাকা করার দাবি কওমি আলেমদের

আপডেট : ১৪ জুলাই ২০২০, ২২:৩৯

ইত্তেফাক রিপোর্ট

কোরবানির পশুর চামার মূল্য ন্যূনতম ২ হাজার টাকা নির্ধারণ করার দাবি জানিয়েছে ইত্তেফাকুল মুসলিমীন নামে কওমি আলেমদের সংগঠন। সংগঠনটির চেয়ারম্যান ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী গতকাল এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়ে বলেন, বিভিন্ন দেশে চামড়ার মূল্য আগের মতো থাকলেও বিগত কয়েক বছর ধরে বাংলাদেশে চামড়া ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে চামড়ার দাম কমিয়ে চামড়া শিল্পকে ধ্বংসের দ্বারপ্রান্তে  পৌঁছে দিয়েছে। অথচ চামড়ার তৈরিকৃত সব জিনিসপত্রের দাম জাতীয় ও আন্তর্জাতিক বাজারে দিনদিন বৃদ্ধি পাচ্ছে। ২ হাজার থেকে ৩ হাজার টাকার চামড়া গত কোরবানিতে ২০০-৩০০ টাকা দামে বিক্রি করতে হয়েছে। যার কারণে গত কোরবানিতে অনেকেই চামড়া বিক্রি না করে ফেলে দেয়া এবং মাটির নিচে পুঁতে রাখার দৃশ্য জাতীয় গণমাধ্যমে প্রচারিত হয়েছে। তিনি বলেন, কোরবানিতে পশুর চামড়া এতিম ও গরিবের হক। চামড়ার দাম কমানোর মাধ্যমে এতিম-গরিবের অধিকার নষ্ট করা হচ্ছে। বাংলাদেশের কওমি মাদরাসা ও এতিমখানাগুলো জনগণের দানে পরিচালিত। কোরবানির পশুর চামড়া মাদরাসার আয়ের বড় উত্স। যা দিয়ে অসহায় গরিব শিক্ষার্থীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়। মাদরাসার ছাত্র-শিক্ষকরা ঈদের আনন্দ ত্যাগ করে বাড়ি বাড়ি গিয়ে চামড়া সংগ্রহ করে মাদরাসার লিল্লাহ বোর্ডিং সচল রেখেছেন।

চামড়া ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে চামড়া মূল্য কমিয়ে গরিবের হক নষ্ট করছেন এবং তাদের বিরুদ্ধে সরকারকে কঠোর হতে হবে। তিনি এবারের কোরবানির  চামড়ার মূল্য ন্যূনতম ২ হাজার টাকা নির্ধারণ করে দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান। চামড়ার ন্যায্যমূল্যের দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল ইত্তেফাকুল মুসলিমীনের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।