সড়ক দুর্ঘটনায় ঢামেক হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক নিহত, আহত ১

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ০০:৫৩

রাজধানীর শাহবাগ থানার মত্স্য ভবন মোড়ে সড়ক দুর্ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক তাজুল ইসলাম নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় আবু হানিফ নামে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এমএলএসএস আহত হন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।

জানা গেছে, তাজুল ইসলাম ও আবু হানিফ গতকাল রাত সাড়ে ১১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মোটর সাইকেলে মহাখালী মেডিকেল স্টাফ কোয়ার্টার যাচ্ছিলেন। তাদের মোটর সাইকেল মত্স্য ভবন এলাকায় পৌঁছলে একটি কার্গো ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় তারা দুজনই ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত পৌনে ১২ টার দিকে তাজুল ইসলাম মারা যান।