আফ্রিকায় করোন আক্রান্ত ছয় লাখের বেশি

আপডেট : ১৫ জুলাই ২০২০, ০০:২১

আফ্রিকায় করোনা ভাইরাসে সংক্রমণ ছয় লাখ ছাড়িয়ে গেছে। এই মহাদেশে গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ছয় লাখ ১০ হাজার। ৫৪ জাতির আফ্রিকান ইউনিয়ন করোনা ভাইরাসের বিস্তার রোধ করতে নানা পদক্ষেপ নিলেও সংক্রমণের দ্রুত বৃদ্ধি ঠেকানো যায়নি। ভারতে গতকাল ২৮ হাজারের বেশি মানুষ ভাইরাস বহনকারী হিসাবে শনাক্ত হয়েছে। নতুন করে দেশটিতে মারা গেছে ৫৫৪ জন। এ নিয়ে নয় লাখ পার করেছে ভারতে মোট শনাক্তের সংখ্যা।

থাইল্যান্ডে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

মিসরের সামরিক বাহিনীর একটি প্রতিনিধি দলের সদস্যরা কোয়ারেন্টাইনের শর্ত ভঙ্গ করার পর থাইল্যান্ড সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করে দিয়েছে। প্রতিনিধি দলের একজন সদস্য পরে করোনা ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। চীনের রাজধানী বেইজিংয়ে গত মাসে যে ব্যক্তির কাছ থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছিল তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। হংকংয়ে ডিজনিল্যান্ড খোলার এক মাসের মাথায় বন্ধ ঘোষণা করা হয়েছে।