মায়া:দ্য লস্ট মাদার

আপডেট : ১৫ জুলাই ২০২০, ১৯:৩৭

বেস্ট ন্যারেটিভ ফিল্মের পুরস্কার অর্জন

 

টেগোর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে মাসুদ পথিকের বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর সত্য কাহিনিতে নির্মিত ‘মায়া:দ্য লস্ট মাদার’ চলচ্চিত্রটি বেস্ট ন্যারেটিভ ফিল্ম নির্বাচিত হয়েছে। উত্সব কর্তৃপক্ষ ‘মায়া:দ্য লস্ট মাদার’ সিনেমাকে বেস্ট ন্যারেটিভ ফিল্মের সনদপত্র পাঠিয়েছে। কবি কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ এবং শিল্পী শাহাবুদ্দিন আহমেদের ‘ওমেন’ চিত্রকর্ম অবলম্বনে নির্মিত ‘মায়া:দ্য লস্ট মাদার’ একটি আলোচিত সিনেমা। ইতোমধ্যে সিনেমাটি ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল, নাসিকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল, দিল্লি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালসহ ১৫টি ফিল্ম ফেস্টিভালে অংশগ্রহণ করেছে। করোনা মহামারির কারণে উত্সবটি অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। এবং সংশ্লিষ্ট চলচ্চিত্রের পরিচালক অনলাইনে অংশগ্রহণ করেছে। ‘মায়া:দ্য লস্ট মাদার’ সিনেমায় অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি, প্রাণ রায়, মুমতাজ সরকার (কলকাতা), দেবাশিস কায়সার, নাজমা আকতার, নারগিস আকতার, ঝুনা চৌধুরী। ছবিটির সংগীত করেছেন প্লাবন কোরেশী, তানভীর তারেক, বেলাল খান; আবহ সংগীত ইমন চৌধুরীর। উল্লেখ্য, মাসুদ পথিক পরিচালিত মায়া চলচ্চিত্রটি ইতোমধ্যেই বেশ কয়েকটি পুরস্কার অর্জন করেছে। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে ‘মায়া:দ্য লস্ট মাদার’ চলচ্চিত্র অংশগ্রহণ করে চলেছে। নেকাব্বরের মহাপ্রয়াণ খ্যাত এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাসুদ পথিক বলেন, আমার ‘মায়া:দ্য লস্ট মাদার’ সিনেমাটি কবিতা ও চিত্রকর্ম অবলম্বনে র-রিয়ালিজম ধারার সিনেমা।