স্পোর্টস রিপোর্টার
হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মোমিনুল হক সাঈদ দীর্ঘদিন ফেডারেশনে অনুপস্থিতি। কেন তিনি অনুপস্থিত সে কারণ জানতে চেয়ে চিঠি পাঠানো হয়েছে ফেডারেশন হতে। বলা হয়েছে দীর্ঘ ছয় মাসেরও অধিক সময় এবং পর পর চারটি কার্যনির্বাহী পরিষদের সভায় অনুপস্থিতির জন্য ফেডারেশনের গঠনতন্ত্র মোতাবেক কারণ জানতে চেয়ে পত্র প্রেরণ করা হয়েছে।
আগামী ২৭ জুলাইয়ের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেন, ‘হকি ফেডারেশনের গঠনতন্ত্রের ধারা এবং ফেডারেশনের সভাপতির নির্দেশক্রমে কারণ জানতে চেয়ে চিঠি পাঠানো হয়েছে।’ তিনি বলেন, ‘সাধারণ সম্পাদকের ঢাকার বাসার ঠিকানায় এবং তার ইমেইলে চিঠি পাঠিয়েছি আমরা।’
মোমিনুল হক সাঈদ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর হকির কার্যক্রমে আরো বেশি গতি আনার চেষ্টা করেছিলেন। নারী হকিতেও জোর দেওয়া হয়েছিল। কিছু দিন পরই ক্যাসিনোকাণ্ডে আড়ালে সরে যান এই সংগঠক।
