স্টাফ রিপোর্টার, রংপুর
বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রে স্থানীয় সংবাদসহ সব ধরনের অনুষ্ঠান প্রচার প্রায় চার মাস ধরে বন্ধ রয়েছে। ফলে করোনার এই দুর্যোগের সময় একদিকে স্থানীয় খবর শুনতে পারছেন না এ অঞ্চলের লাখো শ্রোতা, অন্যদিকে কোনো অনুষ্ঠান প্রচার না করায় শিল্পী, নাট্যকার, কথকসহ বিভিন্নজন কর্মহীন সময় কাটাচ্ছেন, অনেকে পড়েছেন অর্থ কষ্টে।
বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের আঞ্চলিক পরিচালক ড. হারুনর রশীদ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে জানিয়েছেন, ‘করোনার দুর্যোগ শুরু হওয়ার পর এপ্রিল থেকে রংপুরসহ দেশের ১৪টি বেতার কেন্দ্রে সব ধরনের অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিয়ে চিঠি পাঠায় বাংলাদেশ বেতারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।’
ঠাকুরগাঁও বেতার কেন্দ্রের আঞ্চলিক পরিচালক এএসএম জাহিদের সঙ্গে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান, ঢাকার নির্দেশে স্থানীয় সংবাদ প্রচার আপাতত বন্ধ রয়েছে। তবে কিছু অনুষ্ঠান সীমিত আকারে প্রচারিত হচ্ছে। ঢাকা থেকে বাংলাদেশ বেতারে জাতীয় সংবাদ রিলের মাধ্যমে এ অঞ্চলে সম্প্রচার করা হচ্ছে। বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের আঞ্চলিক পরিচালক ড. মো. হারুনুর রশীদ স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘আমরা মাত্র দুই ঘণ্টা কিছু অনুষ্ঠান প্রচার করি। পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। রংপুর বেতার কেন্দ্রে আপাতত যেসব শিল্পী গান পরিবেশন করতে চান, তাদের আমন্ত্রণ জানাবো আসার জন্য। তাদের গান রেকর্ড করে প্রচার করবো।’ তবে স্থানীয় খবর প্রচার করার ব্যাপারে তিনি কিছুই জানাতে পারেননি।
