গ্রেফতার ২
খুলনা অফিস
খুলনা থেকে অপহূত শিশু রাইছা আক্তার রোজাকে কুষ্টিয়া থেকে উদ্ধার করেছে খুলনা মহানগর পুলিশ। এ সময় অপহরণের সঙ্গে জড়িত ফারুক বিশ্বাস (৪৭) ও তার স্ত্রী রুবিনা আক্তারকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে খুলনা সদর থানায় আয়োজিত কেএমপির এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) এমএম শাকিলুজ্জামান জানান, খুলনা মহানগরীর টুটপাড়ার মিয়াপাড়া থেকে গত মঙ্গলবার সকাল ৯টার দিকে জনি মোল্লার চার বছরের মেয়ে রাইছা আক্তার রোজাকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তুলে নিয়ে যাওয়া হয়। পরে মোবাইলের মাধ্যমে ঐ শিশুর মা নাসরিনের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। সেই মোবাইল নম্বর ট্রাকিং করে গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া জেলার কাঞ্চনপুর এলাকা থেকে শিশু রোজাকে উদ্ধার করে পুলিশ। এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকায় দুই জনকে গ্রেফতার করা হয়।
