রূপগঞ্জ-ডুমনী-খিলক্ষেত সংযোগ সড়ক সংস্কার দাবিতে মানববন্ধন

আপডেট : ১৫ জুলাই ২০২০, ২১:৫৫

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

রূপগঞ্জ-ঢাকা উত্তর সিটি করপোরেশনের ডুমনী-খিলক্ষেত সংযোগ সড়ক সংস্কারের দাবিতে গতকাল বুধবার মানববন্ধন করেছে এলাকাবাসী। পূর্বাচল উপশহরের ৩০০ সড়ক নামে পরিচিত কুড়িল-পূর্বাচল-কাঞ্চন ব্রিজ সড়কের পাশে পিংক সিটি এলাকায় তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনপূর্বক সভায় সভাপতিত্ব করেন পিংক সিটি হোমওনার্স কো-অপারেটিভ সোসাইটির সভাপতি শেখ ফরিদুল ইসলাম। 

বক্তারা বলেন, ২০০২ সালে রূপগঞ্জ-ডুমনী-খিলক্ষেত সংযোগ সড়কের সংস্কার কাজ করা হয়। এরপর আর সংস্কার কাজ করা হয়নি।

এ সড়কে ডুমনী উচ্চ বিদ্যালয়, আমিরজান হাই স্কুল, নবদূত কিন্ডার গার্টেন, নুরপাড়া দাখিল মাদ্রাসা, পাতিরা আইডিয়াল স্কুল, পাতিরা উদয়ন উচ্চ বিদ্যালয়, পাতিরা দারুল হাদিস মাদ্রাসা ও স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ১৫-২০ হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে।

দীর্ঘদিন সংস্কার না করায় সামান্য বৃষ্টিতেই বিভিন্ন স্থানে হাঁটু সমান কাদা মাড়িয়ে চলাচল করতে হয়ে। সড়কটি বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।