কলেজের নাম পরিবর্তন নিয়ে উত্তপ্ত বরিশাল

আপডেট : ১৫ জুলাই ২০২০, ২১:৫৭

বরিশাল অফিস

সরকারি বরিশাল কলেজের নামকরণ পরিবর্তন এবং অপরিবর্তিত রাখার দাবি নিয়ে বরিশালে পক্ষে-বিপক্ষে কর্মসূচি পালন করায় উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনের সড়কে এ কর্মসূচি হওয়ায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলেও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ থাকে। বেলা ১১টায় সড়কে সরকারি বরিশাল কলেজ অপরিবর্তিত রাখার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করছিল কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। এ সময় সরকারি বরিশাল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর, কলেজের সাবেক ছাত্র সিটি করপোরেশনের ২ নম্বর প্যানেল মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনসহ অন্যরা বক্তব্য দেন।

অপরদিকে কলেজটির নাম পরিবর্তন করে ‘মহাত্মা অশ্বিনী কুমার কলেজ বরিশাল’ রাখার নামকরণের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে একই স্থানে অবস্থান নেওয়ার চেষ্টা চালায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা শাখার  নেতাকর্মীরা। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বাসদের নেতাকর্মীরা রাস্তার বিপরীত পাশে অবস্থান দেয়। এসময় এ দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন জেলা বাসদ আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন ও সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী। প্রায় দুই ঘণ্টা উভয় পক্ষের কর্মসূচি চলার পর বাসদের নেতাকর্মীরা পুনরায় বিক্ষোভ মিছিল সহকারে স্থান ত্যাগ করে। এ সময় সদর রোডে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওযায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। কর্মসূচি চলাকালে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।

শিক্ষার প্রসারে স্থানীয় কিছু বিদ্যোত্সাহী ১৯৬৩ সালে নগরীর কালীবাড়ি রোডের বিএম স্কুল ক্যাম্পাসে বরিশাল নাইট কলেজ প্রতিষ্ঠা করেন। ১৯৬৭ সালে বিএম স্কুল ক্যাম্পাস থেকে বরিশাল নাইট কলেজের কার্যক্রম অশ্বিনী কুমার দত্তের পরিত্যক্ত বসত বাড়ি যেখানে বিএম কলেজের হল ছিল সেখানে স্থানান্তর করা হয়। ৬৮-৬৯ সালে নাইট শব্দটা বাদ দিয়ে বরিশাল কলেজ নামকরণ করে সাধারণ শিক্ষা কলেজ হিসেবে নতুন করে পথচলা শুরু হয়। ১৯৮৬ সালের ১৭ নভেম্বর তত্কালীন এরশাদ সরকার এক আদেশে বরিশাল কলেজ জাতীয়করণ করেন। অশ্বিনী কুমার দত্তের জন্ম ও মৃত্যু বার্ষিকীতে স্থানীয় সংস্কৃতকর্মীরা অশ্বিনী কুমারের পৈতৃকভিটায় প্রতিষ্ঠিত সরকারি বরিশাল কলেজের নাম পরিবর্তন করে অশ্বিনী কুমার দত্তের নামে করার দাবি তোলেন। এর প্রেক্ষিতে গত ফেব্রুয়ারিতে জেলা প্রশাসক সরকারি বরিশাল কলেজের নাম পরিবর্তন করে অশ্বিনী কুমার দত্তের নামে নামকরণের প্রস্তাব পাঠায়। মন্ত্রণালয় থেকে এ বিষয়ে মতামত চাওয়া হয় শিক্ষা বোর্ডের। এ খবর জানাজানি হলে ঐ কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবিতে সোচ্চার হন। গত ১১ জুলাই থেকে পক্ষে-বিপক্ষে মানববন্ধন, স্মারকলিপি, সংবাদ সম্মেলন, মতবিনিময় কর্মসূচি পালিত হয়ে আসছে। সবশেষ গতকাল বুধবার পালটাপালটি অবস্থান নিয়ে সদর রোডে কর্মসূচি পালন ও অপরিবর্তিত রাখার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে।

অপরদিকে জেলা প্রশাসকের প্রস্তাবের বিষয়ে বরিশাল শিক্ষা বোর্ডের কাছে মতামত চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এ বিষয়ে মন্ত্রণালয়ে কোনো মতামত দেবেন না বলে সাংবাদিকদের জানিয়েছেন বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস। বরিশাল জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনা প্রভাবের আগে কলেজের নাম পরিবর্তনের একটি প্রস্তাব স্থানীয় সুশীল সমাজ-সাহিত্য ও সাংস্কৃতিপ্রেমীদের দাবির প্রেক্ষিতে প্রেরণ করা হয়। মন্ত্রণালয় এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জেলা প্রশাসন সূত্র জানায়।