ইত্তেফাক রিপোর্ট
চলতি জুলাই মাস থেকে ঢাকায় বাড়িভাড়া ৫০ শতাংশ কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ ভাড়াটিয়া কল্যাণ পরিষদের নেতারা। এছাড়া তারা বিগত তিন মাসের ভাড়া মওকুফসহ বিদ্যুত্, গ্যাস ও পানির বিল সম্পূর্ণ মওকুফ করতে সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন।
গতকাল বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠন আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে এ দাবি জানানো হয়। সভায় বাংলাদেশ কৃষক লীগের সাবেক সিনিয়র সহসভাপতি এম এ করিম বলেন, করোনা মোকাবিলায় সৃষ্ট লকডাউন ও কর্মস্থল বন্ধ থাকায় নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আয়-রোজগার না থাকায় মানুষ খুবই মানবেতর জীবনযাপন করছে। সেই সুযোগ নিয়ে একশ্রেণির অসাধু বাড়ির মালিক ঢাকাসহ দেশের ভাড়াটিয়াদের জোরপূর্বক মারধর করে বাসা থেকে উচ্ছেদ ও অমানবিক আচরণ করছেন। যা সম্পূর্ণ দেশের আইনবিরোধী। বক্তারা প্রধানমন্ত্রীর কাছে আকুতি জানিয়ে বলেন, ‘আপনি দেশের ১৬ কোটি মানুষের শেষ আশ্রয়স্থল। আশা করি আপনি অত্যন্ত মানবিক হয়ে ভাড়াটিয়া পরিষদের ন্যায্য দাবিগুলো মেনে নেবেন এবং সাধারণ মানুষের প্রতি দয়াবান ও সহানুভূতিশীল হবেন।’
মানববন্ধনে সভাপতিত্ব করেন ভাড়াটিয়া কল্যাণ পরিষদের সভাপতি মো. আনিসুর রহমান খোকন। আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হুমায়ুন, ভাড়াটিয়া কল্যাণ পরিষদের সহসভাপতি তপন চন্দ্র ও নজরুল ইসলাম নাজু, বাংলাদেশ প্রেস অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের নির্বাহী সদস্য আনন্দ কুমার সেন প্রমুখ।
