ছাগলনাইয়ায় দুস্থদের চাল কাউন্সিলরের পেটে

আপডেট : ১৫ জুলাই ২০২০, ২২:০১

ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা

করোনা ভাইরাসের মধ্যে দুস্থ মানুষের জন্য ১০ টাকা কেজি দরের বিশেষ ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ উঠেছে ছাগলনাইয়া পৌরসভার ৭ নম্বর দক্ষিণ যশপুর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম স্বপনের বিরুদ্ধে। গতকাল বুধবার বেলা ১১টায় তালেব আলী ফরাজীবাড়িতে সংবাদ সম্মেলনে এমন অভিযোগই করলেন ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ যশপুর ওয়ার্ডের বেশ কিছু বাসিন্দা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী দক্ষিণ যশপুর ওয়ার্ডের করিম উল্লাহর স্ত্রী মায়া বেগম (কার্ড নম্বর-৩৭৭১), মৃত সুজা মিয়ার পুত্র নুর আহাম্মদ চৌধুরী (কার্ড নম্বর-৩৭৮৮), আলী আহাম্মদের স্ত্রী রহিমা খাতুন (কার্ড নম্বর-৩৭৯৪) ও মো. মোস্তফার স্ত্রী বিবি খোদেজা (কার্ড নম্বর-৩৭৯৫)। এ ব্যাপারে তারা গত ৬ জুলাই ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দিয়েছেন।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, তাদের নামে চাল বিতরণের জন্য তালিকাভুক্ত করা হয় এবং চূড়ান্ত০ তালিকায়ও তাদের নাম রয়েছে। সে অনুযায়ী তাদের নামে কার্ড ইস্যু করা হয়। কিন্তু চাল বিতরণ শেষ হয়ে গেলেও তারা কার্ড ও চাল কোনোটাই পাননি। উপজেলা খাদ্য বিভাগে গিয়ে তারা দেখতে পান তাদের নামে কার্ড ইস্যু হয়েছে এবং ঐ কার্ডের চালও উত্তোলন করা হয়েছে। পরক্ষণে তাদের সন্দেহ হয়, চাল বিতরণের সঙ্গে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম স্বপন তাদের কার্ডের চাল আত্মসাত্ করেছেন। অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করা হয়েছে। বর্তমানে তাদের কাউন্সিলরের লোকজন অভিযোগ প্রত্যাহার করে নিতে মোবাইল ফোনে হুমকি-ধমকি দিচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, এমন বহু লোকের কার্ড অভিযুক্ত কাউন্সিলর ও তার লোকজন নিজেদের কাছে রেখে দিয়ে চাল আত্মসাত্ করেছে। তদন্ত করা হলে সব অনিয়ম বেরিয়ে আসবে। ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, চাল আত্মসাত্-সংক্রান্ত অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্ত ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম স্বপন চাল আত্মসাতের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কার্ডধারীরা চাল নিতে আসেনি, তাই চাল অন্য চার জনকে দিয়ে দিয়েছি।’