দুই দিন পর করোনায় মৃত্যু হার কমেছে। করোনা শনাক্তের বিবেচনায় গতকাল মৃত্যুর হার ১ দশমিক ২৭ শতাংশ। গত ১৩ ও ১৪ জুলাই মৃত্যুর হার ছিল ১ দশমিক ২৮ শতাংশ। অর্থাত্ টানা দুই দিন মৃত্যুর হার অপরিবর্তিত থাকার পর কমল। এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৩ জন মারা গেছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৪৫৭ জন।
গতকাল দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাসসংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। তিনি বলেন, করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছে ১ হাজার ৭৯৬ জন। মঙ্গলবারের চেয়ে গতকাল ৩ হাজার ১১৪ জন কম সুস্থ হয়েছে। মঙ্গলবার সুস্থ হয়েছিল ৪ হাজার ৯১০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১ লাখ ৫ হাজার ২৩ জন। তিনি জানান, গতকাল শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ২৫ শতাংশ। আগের দিন এই হার ছিল ৫৪ দশমিক ৩১ শতাংশ। অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার দুই জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৫৩৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবারের চেয়ে গতকাল ৩৭০ জন বেশি শনাক্ত হয়েছে। মঙ্গলবার ১৩ হাজার ৪৫৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৩ হাজার ১৬৩ জন। তিনি জানান, দেশে এ পর্যন্ত মোট ৯ লাখ ৮০ হাজার ৪০২ জনের নমুনা পরীক্ষায় ১ লাখ ৯৩ হাজার ৫৯০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৭৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৫ দশমিক ২৩ শতাংশ। আগের দিন এ হার ছিল ২৩ দশমিক ৫১ শতাংশ। আগের দিনের চেয়ে গতকাল শনাক্তের হার শূন্য দশমিক ৭২ শতাংশ বেশি।
ডা. নাসিমা সুলতানা জানান, ‘করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৩০৮ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১৩ হাজার ৯৮৮ জনের। মঙ্গলবারের চেয়ে গতকাল ৩২০টি নমুনা বেশি সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের ৭৯টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার দুই জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৩ হাজার ৪৫৩ জনের। গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে ৫৪৯টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে। ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ছয় জন নারী। হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ২৭ জনের এবং বাড়িতে থাকা অবস্থায় ছয় জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৬ জন ঢাকা বিভাগের, সাত জন চট্টগ্রাম বিভাগের, দুই জন রাজশাহী বিভাগের, পাঁচ জন খুলনা বিভাগের এবং তিন জন রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৩ জনের মধ্যে এক জনের বয়স ছিল ১০ বছরের কম। এছাড়া এক জনের বয়স ৮১ থেকে ৯০ বছরের মধ্যে, পাঁচ জনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে, সাত জনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, ১০ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, পাঁচ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এবং তিন জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছিল। বুলেটিনে আরো জানানো হয়, এ পর্যন্ত ১ হাজার ৯৪০ জন পুরুষ এবং ৫১৭ জন নারী মারা গেছেন। শতকরা হিসেবে পুরুষ ৭৮ দশমিক ৯৬ শতাংশ এবং নারী ২১ দশমিক শূন্য ৪ শতাংশ।
