করোনায় নৌবাহিনীর সাবেক প্রধানের মৃত্যু

আপডেট : ১৫ জুলাই ২০২০, ২২:৩০

নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার এডমিরাল (অব) মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম (৭৯) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মঙ্গলবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। গত ১ জুলাই তিনি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন। তিনি ১৯৯১ হতে ১৯৯৫ সাল পর্যন্ত নৌপ্রধানের দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে নিকট আত্মীয়স্বজনসহ নৌবাহিনীর সর্বস্তরের সদস্যগণ গভীর শোক প্রকাশ করেন। গতকাল বাদ আসর নৌ সদর দপ্তর মসজিদে নামাজে জানাজা শেষে তাকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হয়।

রিয়ার এডমিরাল এম মোহাইমিনুল ইসলাম (অব) পেশাগত জীবনে বিভিন্ন জাহাজ/ঘাঁটির অধিনায়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি বিএন ফিট, চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষের দায়িত্বে নিয়োজিত ছিলেন। এছাড়া তিনি নৌ সদর দপ্তরে বিভিন্ন পরিদপ্তরের পরিচালক এবং সহকারী নৌপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ৪ জুন ১৯৯১ সালে নৌপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন এবং ৩ জুন ১৯৯৫ সাল পর্যন্ত সফলতার সঙ্গে নৌপ্রধানের দায়িত্ব পালন করেন।

রিয়ার এডমিরাল মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম ১১ সেপ্টেম্বর ১৯৪১ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৯ সালে তত্কালীন পাকিস্তান নেভাল একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন এবং ১ ডিসেম্বর ১৯৬৩ সালে তিনি কমিশন লাভ করেন। তিনি তুরস্ক ও ফ্রান্সে সাবমেরিনের ওপর বিশেষায়িত কোর্স সম্পন্ন করেন। তিনি যুক্তরাষ্ট্রের নেভাল কমান্ড কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন এবং থাইল্যান্ডের রাজা কর্তৃক ‘নাইট গ্র্যান্ড ক্রস’ উপাধিতে ভূষিত হন।—আইএসপিআর