মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কমপক্ষে ১০ গ্রামের কয়েক হাজার মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম গাজিখালি ব্রিজ। ব্রিজটি সংস্কারের অভাবে ভোগান্তি পোহাচ্ছে স্থানীয়রা। ছোট বড় সবজি বোঝাই ট্রাকসহ বিভিন্ন ধরণের যানবাহন নিয়মিতভাবে চলাচল করে এই ব্রিজ দিয়ে। বর্ষা আসতেই গাজীখালি নদীর পানির তীব্র স্রোতে এরই মধ্যে বিলীন হয়ে গেছে ব্রিজের তিনটি উইং। বাকী একটি উইংসহ ব্রীজটিও এখন নদীগর্ভে যাওয়ার পথে। ব্রিজটিকে রক্ষার জন্য স্থানীয় গ্রামবাসী কয়েকেবার উদ্যোগ নিয়ে আসেনি কোন ফলাফল।
আশেপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা শ্রমিক, পাইকারি সবজি ব্যবসায়ী এবং সরকারী একটি আশ্রয়ণ প্রকল্পে যাতায়াতের একমাত্র মাধ্যম এই ব্রিজ। তাই দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছে এলাকাবাসী।
স্থানীয়রা জানান, গাজীখালি নদীতে পানি আসার শুরুর দিকে ব্রিজের উইংগুলো ভাঙনের কবলে পড়তে থাকে। এরপর একে একে ভেঙে যায় ব্রিজের তিনটি উইং। কয়েক দফায় চেষ্টা করেও ব্রিজের উইংগুলো ধরে রাখা যায়নি। বাকী একটি উইং ও ভাঙন কবলে রয়েছে ।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম বলেন, সাত লক্ষ টাকা ব্যয়ে ২০১৬ সালে গাজীখালি নদীর উপর নির্মিত হয় সটুরিয়া ব্রিজটি। ইতিমধ্যে ব্রিজটি সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। ব্রিজটি রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ কর্মসূচী চলমান রয়েছে বলে জানান তিনি।
ইত্তেফাক/এমএএম
