করোনা ইউনিটে অগ্নিকাণ্ড

চার পরিবারকে ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে ইউনাইটেড হাসপাতালকে নির্দেশ

আপডেট : ১৬ জুলাই ২০২০, ০০:৩৪

ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে মারা যাওয়া চার রোগীর পরিবারকে ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ১৫ দিনের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষকে এ অর্থ পরিশোধ করতে বলা হয়েছে। এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন একক ভার্চুয়াল বেঞ্চ গতকাল বুধবার এই আদেশ দেন। তবে ওই অগ্নিকাণ্ডে নিহত ৫ জনের মধ্যে এক জনের পরিবার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ২০ লাখ টাকায় আপস রফা করায় হাইকোর্ট চার জনের বিষয়ে আদেশ দেয়।

গত ২৭ মে ইউনাইটেড হাসপাতালে আগুনের ঘটনায় মারা যায় করোনা ইউনিটের পাঁচ রোগী।

এ ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করা হয়। ঐ রিটের পরিপ্রেক্ষিতে গত ২৯ জুন হাইকোর্ট এক আদেশে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে সমঝোতায় আসতে হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হয়। পরবর্তীকালে ইউনাইটেড হাসপাতালের সঙ্গে আলোচনায় বসেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। তবে আলোচনার পর হাসপাতাল কর্তৃপক্ষ ক্ষতিপূরণ বাবদ ২০ লাখ টাকা দিতে চায়। এতে রাজি হয়নি চারটি পরিবার। তবে মনির হোসেনের পরিবার ২০ লাখ টাকায় সমঝোতা  আসে। এমন প্রেক্ষাপটে গতকাল হাইকোর্ট ক্ষতিগ্রস্ত চার পরিবারকে ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেয়।