মানুষের ওপর করোনা ভাইরাসের টিকার চূড়ান্ত পরীক্ষা

আপডেট : ১৬ জুলাই ২০২০, ০০:৩৬

যুক্তরাষ্ট্রে একটি কোম্পানি মডার্না জানিয়েছে, তারা একটি করোনা ভাইরাস টিকা নিয়ে মানুষের ওপর চূড়ান্ত পরীক্ষা চালানো শুরু করবে। মডার্নার তৈরি টিকাটি নিরাপদ বলে প্রমাণিত হয়েছে। প্রথম ধাপে যে ৪৫ জনের ওপর এটির পরীক্ষা চালানো হয়, তাতে দেখা গেছে সবার ক্ষেত্রেই এই প্রতিষেধক কাজ করেছে। খবর বিবিসির

চলতি মাসের শেষে এটির সর্বশেষ ধাপের পরীক্ষা শুরু হবে, যাতে স্বেচ্ছায় অংশ নেবে প্রায় ৩০ হাজার মানুষ। এদের অর্ধেককে টিকা দেওয়া হবে, আর বাকি অর্ধেককে দেওয়া হবে প্লাসিবো। প্লাসিবো মানে হচ্ছে, কাউকে যে ঔষধ বা টিকা দেওয়া হচ্ছে বলে বলা হচ্ছে, সেটিতে আসলে সেরকম কিছু নেই। এরপর গবেষকরা এই ৩০ হাজার মানুষকে দু’বছর ধরে পর্যবেক্ষণ করবেন এদেরকে এই টিকাটি করোনা ভাইরাস থেকে সুরক্ষা দিচ্ছে কীনা। আর যদি তারা সংক্রমণের শিকারও হন, টিকাটি এটির লক্ষণ দমন করতে পারছে কীনা। এই স্টাডি চলবে ২০২২ সালের অক্টোবর পর্যন্ত। তবে প্রাথমিক ফল তার অনেক আগেই জানা যাবে। গত মার্চে করোনা ভাইরাসের টিকা নিয়ে মানুষের ওপর সবার আগে পরীক্ষা শুরু করেছিল মডার্না।