করোনা মহামারির মধ্যেও নাগরিক সেবা দিতে আমরা প্রত্যয়ী—শেখ তাপস

আপডেট : ১৬ জুলাই ২০২০, ০১:২৩

করোনা মহামারির মধ্যেও নাগরিক সেবা পৌঁছে দিতে আমরা দৃঢ় প্রত্যয়ী বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল বুধবার রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর রোডে নতুন আঙ্গিকে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি। ডিএসসিসি মেয়র বলেন, নির্বাচনি ইশতেহারে আমি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে ঢেলে সাজানোর ওয়াদা করেছিলাম। সেই আলোকে আজ থেকে আমরা নতুন আঙ্গিকে  বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম  শুরু করছি। এই কার্যক্রমের আওতায় এখন থেকে ৭৫টি ওয়ার্ডে একসঙ্গে সন্ধ্যা ৬টা থেকে বর্জ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে এবং সকাল ৬টার মধ্যে এই শহর পরিষ্কার-পরিচ্ছন্ন নগরী হিসেবে আত্মপ্রকাশ করবে। তিনি বলেন,  সন্ধ্যা ৬টা হতে আমাদের প্রাথমিক বর্জ্য সংগ্রহ সেবাদানকারীরা বাসাবাড়ি ও গৃহস্থলি থেকে রাত ১০টার মধ্যে বর্জ্য সংগ্রহ করে আমাদের নির্ধারিত কনটেইনার বা অন্তর্বর্তীকালীন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে নিয়ে যাবে এবং রাত ১০টা হতে ভোর ৬টার মধ্যে আমরা সব বর্জ্য মাতুয়াইলের ল্যান্ডফিলে নিয়ে যাব। একই সাথে রাত ৯টা  থেকে ভোর ৫টার মধ্যে আমাদের পরিচ্ছন্নতাকর্মীরা সব রাস্তা ঝাড়ু দেবেন। তারপর প্রয়োজনীয়তা অনুসারে মূল সড়কগুলোতে পানি ছিটানো হবে। এ সময় অন্যান্যের মধ্যে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. বদরুল আমিন, ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম বাবলা ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর শিরিন গাফফার প্রমুখ বক্তব্য রাখেন।